Home » ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ! তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা, উত্তর দিয়েছে শাসক শিবিরও

‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ! তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা, উত্তর দিয়েছে শাসক শিবিরও

সময় কলকাতা ডেস্ক:- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন অধ্যায় রচিত হয়েছে শনিবার। সারাদিনের টালবাহানার পর শনিবার রাতে চাকরিহারা ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে তৃণমূলের সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। ‘যোগ্য’ শিক্ষকদের একাংশও তাঁদের এই পরিণতির জন্য রাজ্যকেই দায়ী করেছেন।

তবে এই তালিকাকে শনিবারই ভোগাস বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার শুভেন্দু বললন, চাকরিহারাদের যাঁরা ‘দাগি’ বলে চিহ্নিত হলেন, তাঁদের থেকেও মহাদাগি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার তালিকা প্রকাশের আগেই নাম প্রকাশ হওয়া ‘দাগি’ চাকরিহারাদের কাছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার অনুরোধ করেছিলেন, ‘কোথায় কোন নেতাদের কত টাকা দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করা হোক। বিজেপি জেলায় জেলায় টাঙাবে।

আর তালিকা প্রকাশের পরে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলছেন, যাদের যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে, তাদের তৃণমূল নেতাদের কলার ধরা উচিত।

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, দাগি শুধু শিক্ষক নয়। গোটা সরকারটাই।

শনিবারই এসএসসি দুর্নীতি প্রসঙ্গে শাসকদল তৃণমূলকে বিঁধে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, এরাজ্যে শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে হলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি দিতে হবে।

এদিকে বিরোধীদের তোপের মুখে পড়ে বাংলার শাসকদল তৃণমূল বলছে, অনিয়ম হয়েছে বলেই তো তদন্ত চলছে। যদিও, তোপ দাগতে ছাড়েনি বাম-বিজেপিকে।

তবে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝেই চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের প্রশ্ন, এবার কি চাকরি ফেরত দেওয়া হবে? আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে।

About Post Author