Home » লাল বলের ক্রিকেট থেকে চাইলেন বিশ্রাম, ফের চোটের সমস্যায় শ্রেয়স!

লাল বলের ক্রিকেট থেকে চাইলেন বিশ্রাম, ফের চোটের সমস্যায় শ্রেয়স!

ফের চোটের সমস্যায় শ্রেয়স আইয়ার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিটনেস সংক্রান্ত সমস্যার জন্য কিছু দিনের জন্য বিশ্রাম চেয়েছেন শ্রেয়স। শরীরের পিছনের অংশের পেশি শক্ত হয়ে যাচ্ছে শ্রেয়সের। রয়েছে অস্বস্তি। এই মুহূর্তে লাল বলের ক্রিকেটের ধকল নিতে পারছেন না বলে জানিয়েছেন শ্রেয়স। তিনি সমস্যার কথা জানিয়েছেন জাতীয় নির্বাচকদেরও। গত রঞ্জি ট্রফির সময় থেকেই এই সমস্যায় ভুগছেন শ্রেয়স

মঙ্গলবার অজি এ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার কথা ছিল ভার‍ত এ দলের। কিন্তু সেই ম্যাচ শুরুর আগে আচমকাই দল ছেড়ে বেরিয়ে যান শ্রেয়স। তাঁর পরিবর্তে তড়িঘড়ি ধ্রুব জুরেলকে অধিনায়ক ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তড়িঘড়ি মুম্বইয়ে যাচ্ছেন শ্রেয়স। তাই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলবেন না তিনি। কিন্তু শ্রেয়স কেন মুম্বইয়ে ফিরছেন সেই নিয়ে কিছু জানা যায়নি।

শ্রেয়সের এই মনোভাব কি ভাল ভাবে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? আগেও অবাধ্যতার কারণে শাস্তি পেতে হয়েছে শ্রেয়সকে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এই পরিস্থিতিতে শ্রেয়সের এ হেন আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিসিসিআইয়ের এক সূত্র বলেন, ‘হ্যাঁ, শ্রেয়স বিরতি নিচ্ছেন এবং মুম্বইয়ে ফিরে এসেছেন। অস্ট্রেলিয়া ‘এ’র বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে খেলতে পারবেন না বলে নির্বাচকদের জানিয়েছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য তিনি উপলব্ধ থাকবেন।’

শ্রেয়স না থাকায় ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন ধ্রুব জুরেল। আগের টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন তিনি। ব্যাট হাতেও ফর্মে রয়েছেন জুরেল। প্রথম টেস্টে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মঙ্গলবার থেকে লখনউয়ের স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনের এই টেস্ট।

 

About Post Author