Home » ‘মায়ের কাছে প্রার্থনা… সোনার বাংলা গড়তে পারি’: অমিত শাহ

‘মায়ের কাছে প্রার্থনা… সোনার বাংলা গড়তে পারি’: অমিত শাহ

‘মায়ের কাছে প্রার্থনা… সোনার বাংলা গড়তে পারি’: অমিত শাহ

শুক্রবার সকালে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই অনুষ্ঠান থেকে ফের একবার দিলেন সোনার বাংলা গড়ার ডাক। শাহি মন্তব্যে উঠে এল, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এমনকী বাংলা ভাষার প্রসঙ্গও। বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। সেই মণ্ডপ উদ্বোধনের পর নিজের ভাষণে অমিত শাহ বলেন, এই প্যান্ডেলে মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছেন যাতে আসন্ন নির্বাচনের পর বাংলায় সোনার বাংলা তৈরি করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, নতুন সরকারের এই চেষ্টাই থাকবে যাতে বাংলাকে আবার শান্ত, সুন্দর এবং সুরক্ষিত করা যায়। তাঁদের লক্ষ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলায় কল্পনা করতেন, সেই বাংলা গড়ে তোলা।
শাহি মন্তব্যে উঠে আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে তিনি শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নিজে এবং দলের তরফে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
চলতি সপ্তাহেই দুদিনের ভারী বৃষ্টিতে শহর কার্যত জলের তলায় চলে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার কথা বলে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন, বিজেপির প্রত্যেক নেতা, কর্মী তাদের পাশে রয়েছেন।
ভাষণের শেষে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন, আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ হবে।
শুক্রবার কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দেন অমিত শাহ। এরপর সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে বিজেপি-সমর্থিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধনেও সামিল হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে পালা করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঙালির মন জয় করতে তাই এবার দুর্গাপুজোকেই হাতিয়ার পদ্মশিবিরের।

About Post Author