টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধসে কোথাও ঘরবাড়ি, কোথাও সেতু ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও। এই বিপর্যয়ে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানান, মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।
তবে কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড। ডিভিসি ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করে দিয়েছে। ঠিক করে ড্রেজিং হলে এমনটা হত না। মুখ্যমন্ত্রীর সাফ অভিযোগ, গঙ্গা সংস্কার হয় না। এই দুর্যোগ পরিস্থিতি ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে বলেও তোপ দাগেন তিনি।
মমতা প্রশ্ন তোলেন, কতটা জল সামলাবে রাজ্য সরকার ? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর, ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসি, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করা হচ্ছে লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্যানমেড বন্যায় এতগুলো প্রাণ গেল।
মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনের সব স্তরে ত্রাণ ও উদ্ধার কাজ জোরকদমে চলছে। রাস্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। তিনি ভার্চুয়াল মাধ্যমে উত্তরবঙ্গের পাঁচটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। পর্যটকদের নিরাপত্তার বিষয়েও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন।
বাসিন্দাদের সতর্ক থাকার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। জানান,”আগামী দু, একদিনের মধ্যে আবার জোয়ার আসতে পারে। সময়টা গুরুত্বপূর্ণ। এখানে রাস্তার ধারে সরকারের তরফে ত্রাণশিবির খোলা হয়েছে। যাঁরা এসেছেন, তাঁরা ভালো করেছেন। যাঁরা এখনও নিজের বাড়ি আঁকড়ে রয়েছেন, আপনারা দ্রুত এখানে চলে আসুন। নিরাপদে থাকবেন। খাওয়াদাওয়া নিয়ে ভাবতে হবে না।” প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনের পর ভাঙা রাস্তা দেখে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তা মেরামতের দায়িত্ব নিচ্ছে। এছাড়া যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, সেসব বাড়িও তৈরি করে দেবে সরকার।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে