Home » পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে! কেমন থাকবে দক্ষিণ?

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে! কেমন থাকবে দক্ষিণ?

বৃষ্টি ছাড়াই মিটেছে কালীপুজো। এবার সামনে ছট পুজো ও জগদ্ধাত্রী পুজো।   সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস। শনি থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে, তা সপ্তাহান্তে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তার পরে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। এটিও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না, নজর রাখছেন আবহবিদেরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই সিস্টেমের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং প্রয়োজনে সতর্কতা জারি করা হবে। তবে আপাতত পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনে কোনও বিশেষ আবহাওয়া সতর্কতা নেই।

About Post Author