Home » পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার

পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম কিংবদন্তী তারকা রোহন বোপান্না। দুই দশকের কেরিয়ারে ইতি টানলেন তিনি।

সমাজ মাধ্যমে নিজের বিদায়ী বার্তায় দার্শনিকদের মতোই বোপান্না লিখেছেন, “বিদায়, তবে এটাই শেষ নয়।অবিস্মরণীয় ২০টা বছর কাটানোর পর চলে যাওয়ার সময় এসে গিয়েছে। ভারতের কুর্গের একটা ছোট শহর থেকে উঠে এসেছি। সার্ভিসের জোর বাড়াতে কাঠ কাটা, স্ট্যামিনা বাড়াতে কফির বাগানে দৌড়নো থেকে বিশ্বের সেরা কোর্টে আলোর নীচে খেলতে নামা— পুরো যাত্রাটা বিশ্বাসই হচ্ছে না।জীবনের অর্থ যে জিনিসটা খুঁজে দিয়েছে তাকে কী করে বিদায় জানাবেন আপনি?  ”

নিজের পরিবার, স্ত্রী সুপ্রিয়া, বিশেষত মেয়ে ত্রিধাকে ধন্যবাদ জানিয়েছেন বোপান্না। তিনি লেখেন, ‘আমার চমৎকার বাবা-মাকে ধন্যবাদ- আপনারা আমার হিরো। আপনারা আমাকে সবকিছু দিয়েছেন যাতে আমি এই স্বপ্নের পিছনে ধাওয়া করতে পারি। আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন…. আমি আপনাদের কাছে ঋণী। আমার বোন রশ্মির কাছে কৃতজ্ঞ, তুমি আমার সবচেয়ে বড় চিয়ারলিডার। তুমি সর্বদা আমার মধ্যে সেরাটি দেখেছো, এমনকি যখন আমি পারিনি। আমার পরিবারের কাছে কৃতজ্ঞ – আমার নোঙ্গর হওয়ার জন্য, আমার নিরাপদ আশ্রয়স্থল হওয়ার জন্য’।

২০০২ সালে ডেভিস কাপে তাঁর অভিষেক ঘটে। যদিও পেশাদার টেনিস জগতে তাঁর পদার্পণ পরের বছর। প্রায় দুই দশকের টেনিস কেরিয়ারে শেষ অধ্যায়টি রচিত হল প্যারিস মাস্টার্স ১০০০-এ। একাধিক সঙ্গে গ্র্যান্জ স্ল্যাম সঙ্গে পদ্মশ্রী, অর্জুনের মতো রাষ্ট্রীয় খেতাব আছে তাঁর ঝুলিতে।

মোট ছয়বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেছেন রোহন। এর মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং চারবার হেরে গিয়েছেন। ২০২৩ সালে ইউএস ওপেনের  ফাইনালে হেরে যায় বোপান্না-এবডেন জুটি। ২০১৮ সালে হাঙ্গেরির  টিমিয়া বাবোসের  সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস ফাইনালে হেরে যান বোপান্না।

About Post Author