Home » রানীরহাটের বিজয় চক্রবর্তী : পর্বত প্রেমের অনুপ্রেরণার একটি নাম

রানীরহাটের বিজয় চক্রবর্তী : পর্বত প্রেমের অনুপ্রেরণার একটি নাম

সানী রায়, ১৮ নভেম্বর : ”  অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ/
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না ” -সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার পাহাড় প্রেমীর মত পাহাড় না কিনলেও পাহাড়েই কার্যত ঘর বানিয়ে ফেলেছেন উত্তরবঙ্গের রানীরহাটের বিজয় চক্রবর্তী।পাহাড়-পর্বতে তাঁর গৌরবগাথা নতুন নয়,তাই নতুন করে প্রমাণ করার ছিল না তাঁর অসাধারণ মাউন্টেনিয়ারিং দক্ষতা যা তাঁর সহজাত। এবার তিনি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI)-এ এডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স সফলভাবে শেষ করে করে বাড়ি ফিরলেন।

কী বিশেষত্ব ছিল এবারের এই কোর্সে যা শুরু হয়েছিল ২১ অক্টোবর এবং ৯ নভেম্বর পর্যন্ত রাথং ও কাবরু গ্লেসিয়ারে কঠোর গ্লেসিয়ার ট্রেনিংয়ের মধ্য দিয়ে চলেছে। ১০ নভেম্বর অনুষ্ঠিত হয় পিক সামিট—মাউন্ট বি. সি. রায়, যার উচ্চতা প্রায় ১৮,০০০ ফুট। সবশেষে ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই কঠোর ২৮ দিনের কোর্স।

প্রথম নয়, আগেও রানীরহাটের বিজয় চক্রবর্তী  তাঁর কৃতিত্বের ছাপ রেখেছেন বিভিন্ন পর্বত অভিযানে । ২০২৪ সালের মার্চে তিনি বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স সম্পন্ন করেন এবং একই বছরের আগস্ট মাসে জয় করেন মাউন্ট মণিরাং শৃঙ্গ, যার উচ্চতা ২১,৬২৫ ফুট। সেই সময় তাঁর এই অসাধারণ সাফল্য গোটা উত্তরবঙ্গকে তাক লাগিয়েছিল।

উত্তরবঙ্গের রানীরহাটের  বিজয় চক্রবর্তী এমন একটি গর্বের নাম রানীরহাটবাসী যা  সুদূরপ্রসারী প্রভাব রেখে চলেছে। তাই স্থানীয় যুবসমাজের কাছে বিজয় চক্রবর্তী হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক। পর্বত প্রেমের পাঠ, পাহাড়কে ভালোবাসার রসদ তিনি জোগান দিচ্ছেন নবপ্রজন্ম। বিজয় এখন যেন শুধু একটি নাম নয়, বিজয় একটি অধ্যায়, নামের সঙ্গে সাযুজ্য রেখে বিজয়ের পর্বত বা পর্বত শৃঙ্গ বিজয়ের ইচ্ছে ছড়িয়ে পড়ছে দিকে দিকে।।

আরও পড়ুন কোন মন্ত্রবলে হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ইস্টবেঙ্গলকে পথ দেখাচ্ছেন অস্কার ব্রুজো?

About Post Author