Home » টোটো চালিয়ে প্রয়াত বাবার স্বপ্নপূরণ করছে কিশোরী মেয়ে তৃষা

টোটো চালিয়ে প্রয়াত বাবার স্বপ্নপূরণ করছে কিশোরী মেয়ে তৃষা

Oplus_131072

সানী রায়, সময় কলকাতা, ১৭ নভেম্বর :  বাবা যে চোখ দিয়ে স্বপ্ন দেখতেন সেই চোখ তাঁর মৃত্যুর আগে দৃষ্টিহীন হয়ে গিয়েছিল। স্বপ্ন রয়ে গিয়েছিল অপূর্ণ। বাবার সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য ছুটছে কিশোরী মেয়ে তৃষা।  নিজেরও কিছু স্বপ্ন আছে তার। বাবার স্বপ্ন আর নিজের স্বপ্ন মিলেমিশে এক হয়েছে। লক্ষ্য এখন স্বপ্ন পূরণের।  যাবতীয় প্রতিকূলতাকে জয় করে টোটো চালিয়ে স্বপ্নপূরণের পথে নিরন্তর সংগ্রামে তৃষা টোপনো।

তৃষা স্বতন্ত্র। জলপাইগুড়ির বড়োদেঘি চা বাগানের কাঁচা রাস্তা ধরে প্রতিদিন সকালে এক অনুপ্রেরণামূলক দৃশ্য চোখে পড়ে—স্টিয়ারিং হাতে টোটো চালিয়ে কলেজের পথে ছুটে চলেছে তৃষা টোপনো। মালবাজারের পরিমল মিত্র মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী সোশ্যাল মিডিয়ায় এখন পরিচিত মুখ । কিশোরী মেয়ে তৃষা অসম্ভবকে সম্ভব করে চলেছে প্রতিনিয়ত।

বাবাকে হারানোর পর সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে চা বাগান শ্রমিক পরিবারের মেয়ে তৃষা। বাবার রেখে যাওয়া টোটোটিই এখন তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা।

আরও পড়ুনজলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ
তৃষা কলেজের পড়াশোনা, সংসারের কাজ এবং ছোট ভাইবোনদের লেখাপড়া—সবকিছুই একা হাতে সামলায় এই লড়াকু তরুণী। সকালে কলেজে যাওয়ার আগে এবং ক্লাস শেষ হওয়ার পর টোটো চালিয়ে সে উপার্জন করে সংসার চালায়। তার জীবন সংগ্রামের কাহিনী ভাইরাল হতেই বহু মানুষ তার প্রশংসা করেছেন।
তৃষার স্বপ্ন ভবিষ্যতে সরকারি কর্মচারী হওয়া। তাই জীবনের কঠিন পরিস্থিতির মাঝেও তার লড়াই থেমে নেই। এই তরুণীর গল্প আমাদের শেখায় যে, যদি দৃঢ় ইচ্ছাশক্তি থাকে, তবে জীবনের যেকোনো কঠিন পথও আলোকিত করে তোলা সম্ভব।

থেমে নেই তৃষা। দশভুজা দুর্গা হয়ে সে তার স্বপ্নপূরণে ব্রতী। লাজুক কিশোরী মেয়ে তৃষা প্রতিজ্ঞাবদ্ধ।।

About Post Author