সানি রায়, সময় কলকাতা : রিচার্ড সোর্জ, ওল্ডরিচ হেসকি মাতাহারি বা রবীন্দ্র কৌশিকের নাম অনেকেই জানেন। নামগুলির সুপরিচিতি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের গুপ্তচরকাহিনী ও গুপ্তচরবৃত্তির ইতিহাসে ।তবে, বাঙালি জেমস বন্ড সোমনাথ চৌধুরীর নাম ক’জন জানেন? বিজয় দিবসে অত্যন্ত প্রাসঙ্গিক সোমনাথ চৌধুরী।
১৬ ডিসেম্বর উদযাপিত হচ্ছে বিজয় দিবস। এই দিনটিতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এই দিনেই পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করে ভারতের কাছে। বাংলাদেশ জুড়ে বিজয় দিবস হিসেবে পালিত হয় দিনটি। ভারতীয় সশস্ত্র বাহিনী এই দিনটিকে উদযাপন করে বিজয় দিবস হিসেবে , কারণ এই যুদ্ধে ভারতের জয় এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, যা ভারতের একটি উল্লেখযোগ্য সামরিক বিজয়। পাশাপাশি এই বিজয়ের নেপথ্যে গোপনে ছিল ছিল কিছু এমন মানুষের অবদান -যারা গোপনে তথ্য সংগ্রহ করে ও বিদেশের এবং পাকিস্তানের সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করে ভারতীয় সেনাবাহিনীর জয়ের রাস্তা সুগম করেন। বাংলার জেমস বন্ড সোমনাথ চৌধুরী এমনই একজন মানুষ। উত্তরবঙ্গে তিনি আগাম উদযাপন করলেন বিজয় দিবস, প্রতিটি বিজয় দিবসের প্রাক্কালে তিনি যা করে থাকেন।
ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন চালসার প্রবীণ মুক্তিযোদ্ধা তথা ভারতের প্রাক্তন গুপ্তচর সোমনাথ চৌধুরী। তিনি বাংলার জেমস বন্ড নামে বিশেষ পরিচিত। জেমস বন্ড থ্রিলার উপন্যাসের নায়ক। বাস্তব জীবনের গুপ্তচর হেসকি বা সোর্জ দের মত তাঁর গতিবিধি, যা উপন্যাসের কল্পিত চরিত্র জেমস বন্ডের সঙ্গে যেন মিশে গেছে। সোমনাথ চৌধুরীর আগ্নেয়াস্ত্র চালানোর বিশেষ প্রশিক্ষণ থাকলেও তিনি হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার একটি উর্দু পত্রিকায় চিত্র সাংবাদিকের পেশা বেঁছে নেন তিনি। সেজন্য নিজের ধর্ম, পরিচয় গোপন করতে হয়েছে তাঁকে। ব্রাহ্মণ হয়েও গুপ্তচর বৃত্তির অঙ্গ হিসেবে নিয়মিত তিনি পড়তেন নমাজ। তার তৈরি করা একটি দল নজর রাখতো পাকিস্তান সেনার গতিবিধির ওপর। সেই তথ্য, ছবি হাত বদল হয়ে চলে আসতো ভারতে। তারপর তৈরি হত রণকৌশল। সোমবার মেটেলী চা বাগানের মূর্তি ডিভিশনে ফুটবল মাঠে একটি বেদীতে পুষ্প নিবেদন করেন তিনি। কারণ, ১৯৭০ এর দশকে সেখানেই ছিল ভারতীয় সেনার প্রশিক্ষণ শিবির। এখানেই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিতেন। তখন দুর্গম এই পাহাড়ী এলাকায় শোনা যেত রাইফেল, মেশিনগানের শব্দ। সে সব এখন অতীত। তবে সেই অতীতকে ইতিহাসে তুলে ধরার দাবি জানিয়েছেন সোমনাথ চৌধুরী। উত্তরবঙ্গের মাঠেই ভারতীয় সেনা ও মুক্তি যোদ্ধাদের সম্মানে একটি স্মৃতি সৌধ নির্মাণের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন জেমস বন্ড। ইতিহাসকে স্মরণ করার দিনে, ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনের দিনে বড্ড প্রাসঙ্গিক সোমনাথ চৌধুরী। তাঁর আবেদনের গুরুত্ব ও কি কম?


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ