Home » আতঙ্ক বাড়িয়ে আবার হাতির জনপদে ভ্রমণ

আতঙ্ক বাড়িয়ে আবার হাতির জনপদে ভ্রমণ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর : হাতি চলে আপন মেজাজে। হাতির পরোয়া নেই, তবে বেপরোয়া হাতিকে পরোয়া করে মানুষ। মানুষ জানে হাতির রোষে পড়লে ধনে-প্রাণে মারা পড়তে হবে তাই হাতি লোকালয়ে এলে মানুষের শিয়রে সমন। অথচ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বারংবার হাতি জনপদে আসছে,  হাতির জনপদে ভ্রমণ আতঙ্ক বাড়াচ্ছে। রবিবাসরীয় সফরে আবার হাতি লোকালয়ে, আবার আতঙ্ক।

এবার দিনেদুপুরে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি এলাকার উত্তর শালবাড়িতে ফের লোকালয়ে ঢুকে পড়ে আতঙ্ক সৃষ্টি করল তিনটি হাতি।  বনকর্মীদের তৎপরতায় একটি হাতি জঙ্গলে ফিরে গেলেও বাকি দুটি হাতি এখনো উত্তর শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।
এদিন ভোরে হাতির হানায় একটি বাইক ও একটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পরে উত্তর শালবাড়ি এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতি ও একটি হাতি শাবককে সিম ক্ষেতে ঘোরাফেরা করতে দেখা যায়। হাতিগুলিকে দেখতে চারদিকে প্রচুর মানুষের ভিড় জমে যায়, ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
বর্তমানে ঘটনাস্থলে মরাঘাট ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা, ওয়ার্ল্ড লাইফ স্কোয়াডের সদস্যরা এবং বানারহাট থানার পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি বনদপ্তর ও পুলিশকে সহায়তা করতে স্বেচ্ছাসেবী সংগঠন NWA-এর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
তবে কিছু মানুষ হাতিগুলিকে উত্ত্যক্ত করায় মাঝেমধ্যে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসতে দেখা যাচ্ছে হাতিদের, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি অযথা ভিড় না করার এবং হাতিদের উত্যক্ত না করার আবেদন জানানো হয়েছে। তবে মানুষের আতঙ্ক কাটছে না।

About Post Author