সানি রায়, সময় কলকাতা, ১৬ জানুয়ারি : এখনও ভোট আসতে বাকি, কিছু সময় বাকি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রস্তুত হতে। তবুও শবের পাহাড় আরও বড় হচ্ছে, আরও দীর্ঘ হয়ে চলেছে বলেই অভিযোগ। এসআইআর আতঙ্কে ভোট দেওয়ার বহু আগে, চূড়ান্ত তালিকা প্রস্তুত হওয়ার আগেই, ভবলীলা সাঙ্গ হচ্ছে বহু নাগরিকের। উত্তরবঙ্গ থেকে উঠে এলো আরও এরকম একটি এসআইআর আতঙ্ক জনিত মৃত্যু অভিযোগ। অভিযোগ,ধুপগুড়িতে এসআইআর আতঙ্কে শুনানির আগেই চরমপথ বেছে নিলেন যুবক।
সূত্রে প্রকাশ,শুক্রবার এসআইআর (SIR) শুনানির দিনই খুঁজে পাওয়া গেল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ধূপগুড়ি ব্লকের কুর্শামারি এলাকায় মৃত যুবকের নাম রামপ্রসাদ মন্ডল (৩৮)। পরিবারের দাবি, এসআইআর-এর নোটিশ পাওয়ার পর থেকেই চরম আতঙ্কে ছিলেন তিনি।পরিবার সূত্রে খবর, রামপ্রসাদ কর্মসূত্রে জলপাইগুড়িতে বাড়ি করে থাকলেও তাঁর আদি বাড়ি কুর্শামারিতে। সেখানেই তাঁর নামে এসআইআর-এর নোটিশ আসে। শুনানির জন্য প্রয়োজনীয় স্কুল সার্টিফিকেট ও অন্যান্য নথিপত্র সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু নথিতে সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। মৃতের দাদা শ্যামল মন্ডল জানান, শুনানিতে যাওয়ার আগেই আতঙ্কে মুষড়ে পড়েছিলেন রামপ্রসাদ।
জানা গিয়েছে,শুক্রবার বাড়ির কাছেই একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ডাউকিমারী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শনিবার ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনই কিছু মন্তব্য করতে নারাজ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মৃতের পরিবার যে অভিযোগ করেছে তার সত্যতা থাকলে বলাবাহুল্য যে, এসআইআর (SIR) আরও একটি প্রাণ ছিনিয়ে নিল।।


More Stories
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন মাঝরাতে প্রকাশিত এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা