সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারি : সিএএ-তে আবেদন করে বিপাকে সম্ভাব্য ভোটাররা? আবেদনকারীরা কি বঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন?
স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, সিএএতে আবেদন করেছেন ২৫০০০ জনের বেশি যাদের সিংহভাগের আবেদন এখনও যাচাই হওয়া বাকি। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে একহাজার জনের বেশি মানুষ সিএএ-র মাধ্যমে ইতিমধ্যেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত এই সংখ্যা ছিল ৫৫০ -এর আশেপাশে। ২০২৪ সালের মাঝামাঝি স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রথম দফায় ১৪ জন নাগরিক হন সিএএ-র মাধ্যমে। এরপরে ২০২৪ থেকে ২০২৫ এর মধ্যে ৩৫০ জন সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পরে ২০২৫ সালের জুলাই মাসে গুজরাটে ১৮৫ জনকে নাগরিকত্ব দেওয়া হয়। অসমে নাগরিকত্ব পান চারজন। ২০২৫ সালের শেষে বিভিন্ন রাজ্যে এসআইআর চালু হওয়ার আগে নতুন করে সুনির্দিষ্ট ভাবে সি এর মাধ্যমে নাগরিকদের সংখ্যা জানানো হয়নি। তবে, বঙ্গে এসআইআর চালু হতেই বিজেপি আশ্বাস দিয়েছিল দ্রুত সিএএ- র মাধ্যমে মতুয়া সহ শরণার্থীদের ভারতের নাগরিক করে নেবে। অনেকেই সেই আশায় সিএএ ফর্ম ফিল-আপ করেছিলেন। কিন্তু ৯ ডিসেম্বর ২০২৫-এ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, যতক্ষণ না কোনো আবেদনকারী আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব সনদ বা সার্টিফিকেট পাচ্ছেন, ততক্ষণ তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। সূর্যকান্ত জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ একটি এনজিও- র আবেদনের পরিপ্রেক্ষিতে জানায় আবেদনকারীদের দাবি যাচাই না হওয়া পর্যন্ত এবং তারা আইনত নাগরিক হিসেবে ঘোষিত না হওয়া পর্যন্ত তাদের ভোটার হওয়ার সুযোগ নেই। অর্থাৎ, মতুয়া সম্প্রদায় সহ বেশ কিছু ভোটারকে বিজেপির প্রতিশ্রুতি সত্ত্বেও এবার বিধানসভা নির্বাচনে ভোটদানে বিরত থাকতে হবে এ নিয়ে সন্দেহের অবকাশ নেই।।
সিএএ-তে আবেদন #সিএএ
আরও পড়ুন রাজ্যের মোট ভোটারের চেয়ে গ্রামে ভোটার বেশি! এসআইআরের আশ্চর্য তথ্য উত্তরপ্রদেশে


More Stories
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?