Home » ধুপগুড়িতে বিজেপির নতুন প্রজন্মের ভোটাররা কি দিনবদল করবেন ?

ধুপগুড়িতে বিজেপির নতুন প্রজন্মের ভোটাররা কি দিনবদল করবেন ?

সানি রায়, সময় কলকাতা, ৪ এপ্রিল : ঢল নেমেছে বিজেপিতে যোগদানে, প্রতিফলন কি হবে ভোট বাক্সে? ধুপগুড়িতে বিদায়ী বিধায়ক নির্মল চন্দ্র রায় কে হারানোর জন্য রসদ কি পেয়েছে বিজেপি? এবার এক ঝাঁক নতুন প্রজন্মের ভোটার যোগ দিলেন বিজেপিতে।

যোগদান এবং দলবদল চলছে ধুপগুড়িতে । মনে করা হচ্ছে এবং আপাতদৃষ্টিতে মনেও হচ্ছে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। বিশেষ করে ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপিতে যোগদান কর্মসূচি দেখলে তেমনটাই মনে হতে পারে। নরেশ রায় ধুপগুড়ির বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তারপরে এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। খট্টিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিজেপি কার্যালয়ে ৫টি গ্রাম পঞ্চায়েতের মোট ৫০ জন তরুণ পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন। এদের যোগদানের বিশেষত্ব হলো, এরা নব প্রজন্মের ভোটার। এই যুবকরা প্রত্যেকেই প্রথমবার ভোট দেবেন । আরও উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁদের পরিবারের অভিভাবকরা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়া সত্ত্বেও, এই যুবকরা পরিবর্তনের বার্তা দিতে স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। এই যোগদান কর্মসূচির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করছে, নরেশ চন্দ্র রায়ের জয় এখন সময়ের অপেক্ষা। যুবসমাজের এই সমর্থন এলাকায় বিজেপির হাত শক্ত করবে। এখন দেখার নবপ্রজন্মের ভোটাররা কি পট পরিবর্তন করার বার্তাকে সফল করতে পারেন কিনা! প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয়ী হলেও ২০২৩ সালের উপনির্বাচনে এখান থেকে ৪৩০৯ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়।

About Post Author