Home » দলবদল? কল্যাণীতে প্রশাসনিক বৈঠকশেষে শুভেন্দু ও তৃণমূল নেত্রীর বক্তব্য ঘিরে জল্পনা

দলবদল? কল্যাণীতে প্রশাসনিক বৈঠকশেষে শুভেন্দু ও তৃণমূল নেত্রীর বক্তব্য ঘিরে জল্পনা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৬ মে : দলবদল কি তাহলে অনিবার্য? একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, তৃণমূল নেতা-নেত্রীরা তাঁকে বলেছেন বিজেপি তাঁদের স্বাধীনতা দিয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতা-নেত্রীদের মুখে দলবদলের প্রশ্নে মৌনতা। এই মৌনতা  কি সম্মতির লক্ষণ? তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। বিশেষ করে উত্তর ২৪ পরগনার সাংসদ ও বিধায়কদের নিয়ে জল্পনা-কল্পনা যখন চরমে তখন শুভেন্দু অধিকারী জানালেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সহযোগিতা (কো-অপারেশন) তাঁরা চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান, বারাসাতের সাংসদ সহযোগিতা করতে চান মনে হওয়ায়  বারাসাতের সাংসদকে ডাকা হয়েছিল, তিনি বক্তব্যও রেখেছেন।

কাকলি ঘোষ দস্তিদার কে নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে উত্তর ২৪ পরগনার তৃণমূল বিধায়ক বিধায়িকাদের নিয়েও জল্পনা-কল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগদানকারী তৃণমূল বিধায়ক-বিধায়কাদের অন্যতম স্বরূপ নগরের বিধায়িকা  বীনা মণ্ডল বিজেপিতে যোগদানের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন। প্রশাসনিক বৈঠকের শেষে,  বিজেপিতে তাঁরা যোগদান করবেন কিনা তানিয়ে তাঁকে একাধিকবার প্রশ্ন করা সত্ত্বেও তিনি যেভাবে চুপ করে থাকলেন তা জল্পনা-কল্পনাকে আরো উসকে দিল।অনুমান আর কল্পনা চরমে। প্রশ্ন উঠছে, উত্তর ২৪ পরগনায় তৃণমূল কি সাইন বোর্ড হওয়ার দিকে এগোচ্ছে?

নজির বিহীনভাবে কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন প্রশাসনিক বৈঠক সবার। তবুও প্রশ্ন উঠছে। সন্দেহ আর জল্পনা কল্পনা বাড়ছেই। বিশেষ করে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের পরে কাকলি ঘোষ দস্তিদারের সম্পর্কে যা যা বললেন তা নিয়ে জল্পনা আরো প্রগাঢ় হল। তার সঙ্গে রয়েছে বিনা মন্ডলদের ভূমিকা এবং চিন্তাভাবনা। রাজনৈতিক মহল ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার তৃণমূলের রাজনৈতিক ভাগ্যাকাশের ঈশান কোণে মেঘ জমা হতে দেখছে। উত্তর ২৪ পরগনার রাজনৈতিক আকাশের রং কি সম্পূর্ণ গেরুয়া হয়ে যাবে?

Oplus_131072

উত্তর ২৪ পরগণায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি অভূতপূর্ব ফলাফল করে। ৩৩ আসনের মধ্যে ২৩ টি আসনে জয়ী হয় বিজেপি। তবুও এখনো পর্যন্ত বিরোধী শূন্য হয়নি উত্তর ২৪ পরগনার বিধায়ক বিধায়িকার আসনগুলি।  উত্তর ২৪ পরগনার  যে ১০ জন তৃণমূল বিধায়ক এই মুহূর্তে তৃণমূল দলে রয়েছেন তাঁদের মধ্যে ৬ জন-ই মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর  প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছিলেন। বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি ৬ জন তৃণমূল বিধায়কের প্রশাসনিক বৈঠকে উপস্থিতি নজিরবিহীন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র বাদলের এবং  স্বরূপ নগরের বিধায়িকা বীনা মণ্ডল। উত্তর ২৪ পরগনার রাজনীতিতে দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছেন বিনা মন্ডল। আনিসুর রহমান সহ একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির হওয়ায় জল্পনা কল্পনা বেড়েছে। বারাসাত সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তরুণ কান্তি ঘোষ অবশ্য দাবি করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা কোনও তৃণমূল নেতাকে বিজেপি দলে নেবে না একথা বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দিয়েছেন। তরুণকান্তি ঘোষ নিজে দেগঙ্গায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২০২৬ সালের নির্বাচনে। তবে আই এস এফ এর দেগঙ্গার মুখ মিন্টু সাহাজির ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, তৃণমূলের অনেকেই বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন। আনিসুর রহমান বিদেশ কে বিজেপি নেবে কিনা তা সময় বলবে। তবে বিজেপি নেতা তরুণকান্তি ঘোষের মতে, বিজেপি নীতির প্রশ্নে অটল। আনিসুর রহমানের তাই বিজেপিতে আসার প্রশ্ন নেই। সুতরাং এ নিয়ে সন্দেহের অবকাশ নেই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও তৃণমূলের যে ৬ জন বিধায়ক বিধায়িকা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন তাঁরা নতুন রাজনৈতিক দল খুঁজে নেন কিনা সেই প্রশ্ন উঠছেই। এদিকে প্রশাসনিক বৈঠক শেষে, বিনা মন্ডল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান উন্নয়ন নিয়েই কথা হয়েছে। তিনি বলেন, যে ছয় জন তৃণমূল বিধায়ক ও বিধায়িকা এদিন কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন তাঁদের হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন  বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বাদল মিত্র। বিনা মণ্ডল কে প্রশ্ন করা হয় প্রশাসনিক বৈঠকে যোগদানের পরে এবার তারা কি ঘর ছেড়ে বিজেপিতে যোগদান করবেন! বীনা মণ্ডল এনিয়ে কোনো উচ্চবাচ্য না করায় জল্পনা কল্পনা বেড়েছে। আরো জল্পনা বেড়েছে যখন শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের শেষে বলেন, কাকলি ঘোষ দস্তিদার প্রশাসনিক বৈঠকে বক্তব্য রেখেছেন এবং তাঁকে বলে গিয়েছেন এই প্রথম কোন ভালো প্রশাসনিক বৈঠকে তিনি যোগ দিলেন। শুভেন্দু অধিকারীর মতে বিশেষ বিশেষ রাজনৈতিক নেতা-নেত্রীরা এবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।।

About Post Author