Home » যখন মানুষের প্রাণরক্ষায় ব্রতী বনকর্মীরা

যখন মানুষের প্রাণরক্ষায় ব্রতী বনকর্মীরা

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা , ৭ জুলাই : প্রবাদপ্রতিম জিম করবেটের সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা জানেন যাঁরা বন্যপ্রাণ নিয়ে কাজ করেন তাঁদের মায়া ছড়িয়ে থাকে জীবমণ্ডল ঘিরে। অরণ্যের অধিকার যারা রক্ষা করেন,  তাদের লক্ষ্য সার্বিকভাবে জীবনের অধিকার প্রতিষ্ঠা করা। হতে পারে খাতায় কলমে জঙ্গল এবং জঙ্গলের জীবন দেখভাল করা তাঁদের কাজ। তবে মানুষ হিসেবে তাঁদের কাজ শুধুমাত্র বন্যপ্রাণ রক্ষা নয়, বন্যপ্রাণ তদারকি করাই শুধুমাত্র নয় -তা তাঁরা বারবার বোঝান অরণ্যের পরিসরে থেকেও। এমনই এক ঘটনার সাক্ষী ডুয়ার্সের জঙ্গল যেখানে রক্তাক্ত দম্পতিকে উদ্ধার করলেন বনকর্মীরা। মানুষের প্রাণরক্ষায় ব্রতী বনকর্মীরা হয়ে উঠলেন মানবিক।

বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষার পাশাপাশি মানুষের জীবন বাঁচাতেও বনদপ্তর যে কতটা তৎপর, তা বোঝাতে সোমবারের ঘটনা যেন প্রমাণ!মহাকাল ধাম সংলগ্ন জঙ্গলের নির্জন রাস্তায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ও জীবন সংকট দেখা দেওয়া দম্পতিকে দ্রুততার সঙ্গে উদ্ধার করে নজির গড়লেন বনকর্মীরা। সময়মতো ব্যবস্থা না নিলে অসহায় দুটি প্রাণ যে অকালে ঝরে পড়ত তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ঠিক কী হয়েছিল?

রাত ঘনিয়ে আসছে তখন! দুটি মানুষের জীবনেও অন্ধকার নেমে আসছিলো সোমবার সন্ধ্যায় ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকায়। লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীদের একটি দল মহাকাল ধাম এলাকায় নিয়মমাফিক টহল দিচ্ছিলেন। অন্ধকার জঙ্গলঘেরা রাস্তার মাঝে একটি দুর্ঘটনাকবলিত মোটরবাইক এবং তার পাশে রক্তাক্ত অবস্থায় এক দম্পতিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরিস্থিতি বুঝে এক মুহূর্তও সময় নষ্ট না করে, বনকর্মীরা তাঁদের উদ্ধার করে বনদপ্তরের গাড়িতেই সরাসরি ময়নাগুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান।উদ্ধারের পাশাপাশি আইনি ও পারিবারিক দায়িত্বও পালন করেন বনকর্মীরা। তাঁরা দ্রুত মেটেলি থানার আইসি এবং ময়নাগুড়ি থানায় খবর দেন। পাশাপাশি আহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দম্পতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁদেরজলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন।বনদপ্তর সূত্রে জানা গেছে, আহত দম্পতির নাম কামাখ্যা সরকার ও সান্তনা সরকার। তাঁরা শিলিগুড়ির বাসিন্দা। তাঁদের দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি বর্তমানে লাটাগুড়ি রেঞ্জের হেফাজতে সুরক্ষিত রয়েছে। বনকর্মীদের এই মানবিক ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। জঙ্গলের হিংস্র জীবদের থেকে মানুষের প্রাণ সুরক্ষিত করেন যাঁরা, দুর্ঘটনায় মুমূর্ষুদের প্রাণ ফিরিয়ে দিলেন তাঁরা!

মানুষের প্রাণরক্ষায় ব্রতী বনকর্মীরা #ডুয়ার্স

About Post Author