সানি রায়,সময় কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ, নতুন রোড ওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।জল্পেশ সফর ও প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে উদ্বোধন হল শিলিগুড়ির বর্ধমান রোডের নতুন রোড ওভার ব্রিজ।
শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল শিলিগুড়ির বর্ধমান রোডের বহুল প্রতীক্ষিত নতুন রোড ওভার ব্রিজ (ROB )। উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে জল্পেশ মন্দিরে পুজো অর্চনা এবং প্রশাসনিক বৈঠক শেষ করে বিকেলে শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শহরবাসীর জন্য খুলে দেওয়া হয় বহু প্রতীক্ষিত এই উড়ালপুল।
মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়া। পুলিশ, প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক কর্মী মোতায়েন করা হয়। অনুষ্ঠানস্থলে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শিখা চ্যাটার্জি, পরিবহনমন্ত্রী আনন্দময় বর্মন-সহ রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে নতুন রোড ওভারব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে রাজ্য সরকার একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ধমান রোডের এই নতুন ওভারব্রিজ চালু হওয়ায় শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক ও জরুরি পরিষেবার যানবাহন দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী নিজেই ওভারব্রিজের উপর কিছুটা পথ হেঁটে পরিদর্শন করেন। বিভিন্ন অংশ ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং রক্ষণাবেক্ষণের বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, বহু বছরের দাবি পূরণ হওয়ায় শিলিগুড়িবাসীর জন্য এটি একটি স্মরণীয় দিন।
উল্লেখ্য, বর্ধমান রোড শিলিগুড়ির অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন এই পথ ব্যবহার করে। দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় নাজেহাল হতে হত সাধারণ মানুষকে। বিশেষ করে অফিস সময়, স্কুল-কলেজ খোলার সময় এবং পর্যটনের মরশুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। নতুন এই রোড ওভারব্রিজ চালু হওয়ার ফলে যান চলাচল অনেক বেশি স্বাভাবিক হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি শিলিগুড়ির সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাজ্য ও দেশের যোগাযোগ ব্যবস্থাও আরও দ্রুত ও সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। স্থানীয় বাসিন্দারা এই প্রকল্প বাস্তবায়নকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিলিগুড়ির অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও একইভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী সড়কপথে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে তাঁর কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে। সারাদিনের সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তা, প্রশাসনিক তৎপরতা এবং সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ।


More Stories
উত্তরবঙ্গ পেতে চলেছে আরও এক মন্ত্রী
আর্থিক ক্ষতিপূরণ, চাকরি ও মানসিক বন্ধনে সিকিমে দুর্ঘটনায় প্রাণহারানো পরিবারের পাশে শুভেন্দু
আলোর উৎসব ও অস্তিত্বের যুদ্ধ- যে জনপদে ৩৬৫ দিনের দীপাবলি