Home » ‘হুমকি আসছে, নিরাপত্তা কোথায়?’ কমিশনের কাছে উত্তর না পেয়ে বিক্ষোভ BLO-দের

‘হুমকি আসছে, নিরাপত্তা কোথায়?’ কমিশনের কাছে উত্তর না পেয়ে বিক্ষোভ BLO-দের

রাজ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে। চলছে বুথ লেভেল অফিসার অর্থ্যাত্ বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। তবে শুরুতেই ধাক্কা৷ প্রশিক্ষণ ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে কলকাতা-সহ একাধিক জেলায়। তার মূল কারণ, বিএলও-র প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন দফতরের সরকারি কর্মীদের একাধিক দাবিদাওয়া। শনিবার নজরুল মঞ্চে যখন প্রশিক্ষণ চলছিল, ঠিক সেসময়ই বিএলও-রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি করেন, তাঁদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কমিশন। শুধু তাই নয়, স্কুলের কাজ সেরে এসআইআর-এর কাজ করাটাও যথেষ্ট চাপের বিষয়।

বিএলও হিসেবে কাজ করার জন্য মূলত স্কুল শিক্ষকদেরই বেছে নিয়েছে নির্বাচন কমিশন৷ তবে অধিকাংশ বিএলও-দের অভিযোগ, তাঁদের স্কুলে গরহাজির দেখানো হচ্ছে। কিন্তু, নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে এসআইআর পর্বে বিএলও-রা অন ডিউটি থাকবেন, তারপরও কেন কাজের কাজ কিছু করা হচ্ছে না, সেই নিয়েও সরব হয়েছেন তাঁরা।

আরও দাবি, ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও বিএলও-দের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দিয়েও কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএলও-দের একটা বড় অংশ।
শান্ত করে পুলিশ৷
দুর্গাপুরে মহকুমা শাসকের দফতরেও একই পরিস্থিতি তৈরি হয়। বিএলও-রা একযোগে প্রতিবাদ জানান। শনিবার বিএলও-দের এই বিক্ষোভের কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও পৌঁছয়৷ বিএলও-দের ক্ষোভ প্রশমনে তাঁদের এই দুটি দাবি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর আশ্বাস দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দফতরের তরফে। কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছিল, বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে যখন এসআইআর-এর কাজ করবেন, তখন তাঁরা শুধুমাত্র সেই কাজটাই করবেন। কিন্তু এই তথ্য কোনও নির্দেশিকায় উল্লেখ করেনি কমিশন। আর তাই এই ইস্যু জাতীয় নির্বাচন কমিশনকে জানানোর বার্তা দেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

About Post Author