Home » ছাগল খেতে এসে ধরা পড়ল বিশাল অজগর

ছাগল খেতে এসে ধরা পড়ল বিশাল অজগর

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, মঙ্গলবার, ৪ নভেম্বর : উত্তরবঙ্গে অজগর সাপ মোটেই বিরল নয়। তবে গভীর জঙ্গল বা জনহীন পাহাড়ি এলাকা বাদ দিলে ১৫ ফুট বা তার বেশি লম্বা অজগর সাপ খুব একটা চোখে পড়ে না। অথচ এবার জনপদে ঢুকে পড়ল অজগর। ছাগলকে অজগর তার খাদ্য করে পিষ্ট করে মারল আর আতঙ্ক সৃষ্টি করল মানুষের মধ্যে। মালবাজারে পূর্ব তেসিমলায় বিশাল অজগরের থাবায় ছাগলের মৃত্যুর পরে জনপদে চাঞ্চল্য।

Oplus_131072

মাল ব্লকের পূর্ব তেসিমলা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মঙ্গলবার সাত সকালে দেখা গেল এক বিশালাকার অজগর সাপ। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বৃহদাকৃতির অজগর সাপ হঠাৎই চা বাগান লাগোয়া এলাকায় দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই একটি ছাগলকে পেঁচিয়ে ধরে গিলে খাওয়ার চেষ্টা শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক ও বাসিন্দাদের চোখে পড়তেই শুরু হয় চাঞ্চল্য। লোকজন তড়িঘড়ি চিৎকার-চেঁচামেচি করে সাপটিকে ছাগল থেকে আলাদা করতে সক্ষম হলেও ততক্ষণে ছাগলটির মৃত্যু ঘটে যায়। এরপর স্থানীয়রা ঘটনার খবর মালবাজার বনদপ্তরে আধিকারিকদের জানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের বনকর্মী ও আধিকারিক । বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে তারা নিরাপদে সেই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, এই বিশাল অজগরটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল।

বনের প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। বনদপ্তর স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণী দেখলে তৎক্ষণাৎ বনদফতরকে জানানোর পরামর্শ দিয়েছে। বন্যার কারণে নাকি খাদ্যাভাবে – ঠিক কি কারনে অজগরটি জনপদে এসেছিল তা জানা না গেলেও উত্তেজনা রয়েছে।

About Post Author