Home » পাথরবোঝাই ডাম্পার সমেত ভেঙে পড়ল লোহার সেতু

পাথরবোঝাই ডাম্পার সমেত ভেঙে পড়ল লোহার সেতু

সানী রায়, সময় কলকাতা : ডাম্পার সমেত ভেঙে পড়ল লোহার সেতু। দীর্ঘদিনের ভয়কে বাস্তব করল পাথরবোঝাই ডাম্পার যার ভার সইতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার সেতু। তুফানগঞ্জ এলাকার ঘটনা।

আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করে পাথরবোঝাই ট্রাক সেতুতে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-২ ব্লকের, বারকোদালি -২ গ্রাম পঞ্চায়েতের মরা রায়ডাক নদীর উপর লোহার সেতুতে। যদিও কেউ এই ঘটনায় জখম না হলেও ভাঙা সেতুতে আটকে পড়েছে ডাম্পারটি। এদিকে সেতু ভাঙার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভীড় জমান প্রচুর সাধারণ মানুষ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই লোহার সেতুটি দুর্বল। বারবার প্রশাসনের কাছে সেতুটি সংস্কারের দাবি জানানো হয়েছে। দুর্বল সেতু হওয়া সত্ত্বেও সেতু দিয়ে সবরকম ভারী যানবাহন চলাচল করত। কোনও নজরদারী ছিল না প্রশাসনের। যার জেরে সেতু ভেঙে পড়ার আশঙ্কা আরও জোরদার হয়। এদিন সকালে একটি পাথরবোঝাই ডাম্পার অসমের খেরবাড়ি থেকে মানসাই বাজারের দিকে যাচ্ছিল। শিল্পী টগর অধিকারী সেতুতে ডাম্পারটি উঠতেই ভেঙে পরে সেতুটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন ডাম্পার চালক। এতদিন প্রশাসনিক ঢিলেমি ও গয়ংগচ্ছ মনোভাবের পরে আরও বড় বিপদ যে ঘটে নি সেটাই সৌভাগ্য এমনটাই বলছেন এলাকাবাসী।

About Post Author