Home » শৌচাগারের টাকা সাফ, কাঠগড়ায় বিজেপি নেত্রীর স্বামী।

শৌচাগারের টাকা সাফ, কাঠগড়ায় বিজেপি নেত্রীর স্বামী।

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, ৫ ফেব্রুয়ারি : ময়লা নয়,  অর্থ।  শৌচাগারের টাকাই এবার সাফ। কাঠগড়ায় বিজেপি নেত্রীর স্বামী। উত্তরবঙ্গের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

শৌচাগরের  ময়লা সাফাই হোক বা টাকা সাফ হয়ে যাচ্ছে। রাজ্যজুড়ে যখন স্বচ্ছ ভারত অভিযানের অধীনে প্রতিটি ঘরে শৌচাগার তৈরির কাজ চলছে, ঠিক তখনই আলিপুরদুয়ারে সামনে এল এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ। সরকারি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি পঞ্চায়েত সমিতি সদস্যার স্বামীর বিরুদ্ধে। নিম্নমানের কাজ আর ‘দালালরাজ’ নিয়ে উত্তাল পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকা।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দরিদ্র পরিবার শৌচাগার তৈরির জন্য সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২ হাজার টাকা পাবেন। উপভোক্তারা নিজেরাই সেই শৌচাগার তৈরি করবেন, যেখানে কোনও তৃতীয় পক্ষ বা ঠিকাদারের প্রবেশাধিকার নেই। এমনকি শৌচাগার পিছু অন্তত ৩২৫টি ইট ব্যবহারের কড়া নির্দেশিকাও রয়েছে।
কিন্তু আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রামে ধরা পড়ল উল্টো ছবি। অভিযোগ, স্থানীয় বিজেপি পঞ্চায়েত সমিতি সদস্যা স্বাতী বিশ্বাসের স্বামী অমিত বিশ্বাস নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে গরীব মানুষদের শৌচাগার বানিয়ে দেওয়ার নাম করে টাকা তুলে নিয়েছেন।

উপভোক্তাদের অভিযোগ, ছয় থেকে আট মাস আগে টাকা নিলেও এখনও মেলেনি সম্পূর্ণ শৌচাগার। যেখানে ৩২৫টি ইট দেওয়ার কথা, সেখানে ব্যবহার করা হয়েছে মাত্র ১৬০টি ইট।নিম্নমানের কাজ করে দীর্ঘ দিন ধরে নিখোঁজ অভিযুক্ত অমিত বিশ্বাস।

ঘটনাটি নিয়ে বিডিও-র কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুব্রত সরকার স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পে কোনও দালালের জায়গা নেই। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে এবং আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।
গোটা ঘটনায় পাল্টা সাফাই দিয়েছেন।অভিযুক্ত অমিত বিশ্বাসের দাবি, তিনি উপভোক্তাদের সাহায্য করতেই কাজ হাতে নিয়েছিলেন। টাকা নেওয়ার কথা স্বীকার করলেও তাঁর দাবি, অনেক উপভোক্তাই টাকা কেটে রেখেছেন।
ভোটের মুখে এই ইস্যুকে কেন্দ্র করে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সরকারি প্রকল্পের টাকায় এই ‘দুর্নীতি’ নিয়ে এখন সরগরম আলিপুরদুয়ারের রাজনীতি। অভূতপূর্ব এক অভিযোগের তীর বিজেপি নেত্রী স্বামীর দিকে।।

About Post Author