সময় কলকাতা ডেস্ক, ১৭ মে : রবিবার মহারণ। যুবভারতীতে রবিবাসরীয় সন্ধ্যায় লালহলুদ সবুজমেরুনের মহারণে স্থির হয়ে যাবে আইএসএলের শিরোপা কে পাবে। যে জিতবে আইএসএল তার। ম্যাচ অমীমাংসিত থাকলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগানের মাস্ট উইন ম্যাচে একজনের কথা না বললেই নয়।টুটু বসু এই ম্যাচে নেই অথচ প্রবল ভাবেই আছেন। মোহনবাগান যার প্রাণ তিনি প্রয়াত হওয়ার কয়েকদিনের মধ্যেই সবুজ মেরুনের ম্যাচে তাঁর ছায়া থাকবে না তা হয়না। সাম্প্রতিক অতীতের ইস্টবেঙ্গল ক্লাবের সবচেয়ে ডাকসাইটে কর্তা হিসেবে গণ্য করা হয় পল্টু দাসকে। তিনি বহুদিন আগেই প্রয়াত হয়েছেন। মোহনবাগান দলের সঙ্গে যার নাম একযোগে জড়িয়ে ছিল সেই টুটু বসুও চলে গেলেন। মোহনবাগানের ফুটবলারেরা চান ম্যাচ জিতে টুটু বসুকে ডার্বি ও আইএসএল উৎসর্গ করতে। বিগত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান কাগজে-কলমে এগিয়ে থাকলেও এবছর ইস্টবেঙ্গল প্রতিপক্ষ হিসাবে যথেষ্ট শক্তিশালী। সল ক্রেসপো, সৌভিক ও মহেশ না থাকায় লাল হলুদের মাঝমাঠ আপাত দৃষ্টিতে দুর্বল হলেও ইস্টবেঙ্গলের মাঝ মাঠে রশিদ থাকছেন। থাকছেন মিগুয়েল যিনি তার সৃষ্টি শৈলি দিয়ে খেলার রং বদলে দিতে পারেন। তবে মোহনবাগান দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক বেশি। সবচেয়ে বড় কথা রয়েছেন ম্যাকলারেন যিনি যেকোনো হাফ চান্সকে গোলে কনভার্ট করার ক্ষমতা রাখেন। বিগত কয়েকটি ম্যাচে অফ ফর্মে থাকা মোহনবাগান ডার্বিতে ইস্টবেঙ্গলের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলাই বাহুল্য। কারণ এই ম্যাচ না জিতলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই ধাক্কা খাবে। অন্যদিকে ইস্টবেঙ্গলের সামনে প্রথমবার আইএসএল জেতার সুবর্ণ সুযোগ। ফলে কাঁটার লড়াই।।
টুটু বসুর আবেগ-বিজড়িত বড় ম্যাচে কে জিতবে? লালহলুদ না সবুজমেরুন ?


More Stories
ডার্বি ড্র, চ্যাম্পিয়ন হওয়ার দিকে একধাপ এগিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কি আর সুযোগ আছে?
মোহনবাগানের ড্র, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়ছে ইস্টবেঙ্গলের
মোহনবাগানের পরে ইস্টবেঙ্গলও আটকে গেল, চ্যাম্পিয়ন হবে কে?