সানি রায় সময় কলকাতা , ৬ জুন : অন্নপূর্ণা ভান্ডার চালু হতে না হতেই অন্নপূর্ণাদের পথে বসাতে সক্রিয় হয়েছে অপরাধীরা। ওটিপি জালিয়াতি করে সর্বস্ব হাতিয়ে নিতে চায় সাইবার অপরাধীরা। সাইবার অপরাধ ও প্রতারণা থেকে বাঁচতে সচেতন থাকা ছাড়া উপায় নেই। সচেতনতার বার্তা জেলাশাসকের। অন্নপূর্ণা ভাণ্ডারের আড়ালে ওটিপি জালিয়াতিতে ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার আশঙ্কা থেকে বাঁচতে সচেতন করছেন আধিকারিকরা।
উল্লেখ্য,রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠন করার পরেই রাজ্যে মহিলারা লক্ষীর ভান্ডারে যা টাকা পেয়ে আসলে তার থেকে দ্বিগুণ টাকা দেওয়া হবে বিজেপি সরকারের তরফে। আর সেই মোতাবেক ক্ষমতায় আসতেই তালিকাভুক্ত লক্ষ্মীদের কাছে ইতিমধ্যেই প্রথম কিস্তির তিন হাজার করে ঢুকে গিয়েছে। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার ফরম পূরণের তরজর। জেলায় জেলায় এখন অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিলাপের সুদীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। আর এর মাঝেই রাজ্যজুড়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এক বড় প্রতারক চক্র। মূলত গ্রামীণ ও শহরতলির মহিলাদের টার্গেট করে সরকারি কর্মী পরিচয়ে ফোন করা হচ্ছে। “মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে” এই অজুহাতে চাওয়া হচ্ছে ওটিপি । এই ফাঁদে পা দিলেই নিমেষে গায়েব হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা।
ইতিমধ্যেই জলপাইগুড়িসহ বিভিন্ন জেলার আধার কেন্দ্র ও পোস্ট অফিসের সামনে মহিলাদের লম্বা লাইন চোখে পড়ছে। লিঙ্ক করানোর এই হিড়িকের মাঝেই কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন। জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ কুমার ঘোষ স্পষ্ট জানিয়েছেন, ওটিপি সম্পূর্ণ ব্যক্তিগত। কোনো সরকারি আধিকারিক ফোন করে ওটিপি চান না। তাই ফোনে কেউ ওটিপি চাইলে তা কোনোভাবেই শেয়ার করবেন না। আধার লিঙ্ক করতে হলে সরাসরি আধার কেন্দ্রে গিয়ে নিজের উপস্থিতিতে তা করান। একটু অসচেতনতাই ডেকে আনতে পারে বড় আর্থিক ক্ষতি।সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে ঘিরে বর্তমানে রাজ্যজুড়ে মহিলাদের উৎসাহ তুঙ্গে। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারকেরা। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কের নাম করে মহিলাদের কাছে ফোন আসছে এবং কৌশলে ওটিপি হাতিয়ে নেওয়া হচ্ছে।জলপাইগুড়ি জেলাশাসক সন্দীপ কুমার ঘোষের মতে, কোনো ফোনের ওপর ভরসা না করে আধার কার্ড ও মোবাইল নিয়ে সশরীরে আধার কেন্দ্রে যান। জালিয়াতি থেকে বাঁচতে নিজের হাতের ওটিপি কাউকেই ফোনে মুখে বলবেন না। সরকারি সুবিধা অবশ্যই নিন, তবে সচেতনতার ঢাল সঙ্গে রেখে, বলছেন জেলাশাসক।।


More Stories
রাজেশ এক্সপোর্টে ১৫ লক্ষ কোটি টাকার স্ক্যামে সমস্যায় কানারা ব্যাঙ্ক!