পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৭ জুন : মিশরের বিপক্ষে ম্যাচের স্টপেজ টাইমের খেলা চলছে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা হওয়ার পর সংযোজিত ৬ মিনিট দেওয়া হয়েছিল। খেলার ফল তখন ১-১। ৯৩তম মিনিট (৯০+৩ মিনিটে) গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। উল্লাস স্টেডিয়ামে ইরানের সমর্থকদের মধ্যে। রাউন্ড অফ থারটিটু নিশ্চিত, নকআউট স্টেজে যাওয়ার আগাম আনন্দে খালিলজাদে গোল করে জার্সি খুলে সেলিব্রেট করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন । ভিএআর (VAR) রিভিউতে চুলচেরা সীমায় অফসাইড ধরা পড়ল। বাতিল গোল। তবুও হাল ছাড়েনি লড়াকু ইরানী ছেলেরা। অথচ ভাগ্যের কি আশ্চর্য পরিহাস! মিশরের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (৯৬ মিনিটে) ইরানের মিডফিল্ডার সাঈদ এজাতোলাহির নেওয়া হেডটি মিশরের গোলরক্ষককে পরাস্ত করে গোলে ঢোকার মুখে আশ্চর্যজনকভাবে ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়ে যায় । বিশ্বকাপে গ্ৰুপ লিগে একটিও ম্যাচ না হারলেও ইরানের নক আউট স্টেজে যাওয়া এখনো অনিশ্চিত যদিও পরবর্তী রাউন্ডে যাওয়ার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। ইরান থাকবে প্রথম বত্রিশে ?
ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই, দেশে-বিদেশে যুদ্ধ, খেলার মাঠে যুদ্ধ। তবুও বিশ্বকাপে মন জিতে নিচ্ছে ইরান। এবারের বিশ্বকাপে গ্রুপ স্টেজে অপরাজিত, তবুও সুতোয় ঝুলছে ভাগ্য। তারা গ্রুপ ‘জি’ (Group G) তে ৩টি ড্র-এর মাধ্যমে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কতটা এবং সেক্ষেত্রে কী কী সমীকরণ আছে বলার আগে ইরান কি কি প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে বিশ্বকাপে এসেছে এবং এখনও লড়াই কেন অব্যাহত?
যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ইরান। গত মার্চ মাসে ইরানের তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সের একটি ইনডোর অ্যারেনা বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় ঘরোয়াভাবে প্রস্তুতি নেওয়ার পরিবেশ মারাত্মক বিঘ্নিত হয়। প্রস্তুতির ঠিক আগমুহূর্তে দেশের মাটিতে সামরিক হামলা চলায় খেলোয়াড়দের সার্বক্ষণিক উদ্বেগের মধ্যে থাকতে হয়েছে। দেশের মানুষ ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত খেলোয়াড়দের পক্ষে খেলায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন ছিল।শুধু কি তাই! এবার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল।যুদ্ধের কারণে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় প্রথমে বিশ্বকাপে অংশ না নেওয়ার ইঙ্গিত দেওয়ায় খেলোয়াড়দের মধ্যে দীর্ঘ সময় ধরে মানসিক অনিশ্চয়তা কাজ করেছে।
প্রস্তুতির পরে বিশ্বকাপে ছাড়পত্র পেয়েও শান্তি ছিল না ইরানের ফুটবলারের। হয়তো, তাদের দোষ যে তারা কূটনৈতিকভাবে চাপে থাকা ইরান থেকে এসেছে! যুদ্ধবিধ্বস্ত ইরানের বিশ্বকাপ প্রস্তুতির ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা ছাড়াও রয়েছে বিশ্বকাপের আয়োজক তিন দেশের অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক এবং সরকারি রোষানল। কয়েকদিন আগেই ম্যাচ শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যেই ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো চলে যেতে হয় তাদের। এমনকি,নির্ধারিত অনুশীলন ক্যাম্প মেক্সিকোয় পাঠিয়ে দেওয়া হচ্ছিল তাদের । রয়েছে স্বদেশে যুদ্ধের খবরাখবর ও রাজনৈতিক পরিস্থিতির কারণে খেলোয়াড়দের মানসিক চাপ। বিশ্বকাপে একটি ম্যাচ না হেরেও গ্রুপের প্রথম দুটি দলের না থাকতে পারার দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে! এহেন ইরান থাকবে প্রথম বত্রিশে ?
সমীকরণ ও অঙ্ক বলছে, ইরানের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ৯২ শতাংশ অর্থাৎ অত্যন্ত উজ্জ্বল। এবারের বিশ্বকাপে ১২ টি গ্রূপে তৃতীয় স্থান অধিকারী ১২টি দেশের মধ্যে আটটি দেশ পরবর্তী রাউন্ডে যাবে। এক্ষেত্রে পয়েন্ট এবং গোল পার্থক্য বিচার হবে। এখনও পর্যন্ত যে নটি গ্রুপের খেলা শেষ হয়েছে তাদের মধ্যে ইরানের স্থান ষষ্ঠ। দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়ে গোল পার্থক্য বা পয়েন্টের বিচারে তাদের চেয়ে নিচে অবস্থিত। এখনও তিনটি গ্রুপের খেলা বাকি যা ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাতে এবং সকালে অনুষ্ঠিত হবে। এখানে আর একটি তৃতীয় স্থান অধিকারী দেশ দু পয়েন্ট পেয়ে খেলা শেষ করলে বা গোল পার্থক্যে ইরানের চেয়ে পিছিয়ে পড়লে ইরান পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে।
রবিবার খেলার ফল কী কী হলে ইরান পরবর্তী রাউন্ডে পৌঁছবে? নকআউট পর্বে নিজেদের টিকিট পাকাপোক্ত করতে ইরানের বাকি গ্রুপগুলোর দিকে চোখ রাখতে হচ্ছে। বাকি ম্যাচগুলির যেকোনো একটি সমীকরণ মিললেই ইরান শেষ ৩২-এ পৌঁছে যাবে:ঘানার কাছে ক্রোয়েশিয়া যেকোনো ব্যবধানে হারলে।আলজেরিয়া অথবা অস্ট্রিয়ার মধ্যে যেকোনো এক দল ম্যাচ জিতলে (ম্যাচ ড্র না হলে)।ডিআর কঙ্গো বনাম উজবেকিস্তান ম্যাচটি ড্র হলে এবং উজবেকিস্তান যদি ডিআর কঙ্গোকে ৬ গোলের কম ব্যবধানে হারায় তাহলেই ইরান পৌঁছে যাবে পরের রাউন্ডে। পোয়েটিক জাস্টিস ইরানের সাথে ঘটে কিনা রবিবার সকালের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আলী রেজাদের সঙ্গে কাব্যিক বিচার যেন বড় কাম্য!


More Stories
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
এমবাপে কি ৮০ বছরেও ফুটবল খেলতে চান, রেকর্ড কী বলছে ?
মেসি -এমব্যাপে -হ্যাল্যান্ড , গোলের ফুলঝুরি, বিশ্বকাপে নায়কদের রূপকথার সূচনা