সময় কলকাতা ডেস্ক, ১৮ অগাস্ট : বিজেপির সর্বভারতীয় টিমে বড় রদবদল হতেই উত্তরবঙ্গে খুশির লহর। নতুন ভাবে সেজে ওঠা বিজেপি সভাপতি নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিমে জায়গা পেয়ে বিজেপির নতুন জাতীয় সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। আর তাই উৎসবের আমেজ উত্তরবঙ্গে।মনোজ ফিরতেই বীরপাড়ায় উচ্ছ্বাস। মনোজ টিগ্গাকে বিজেপি জাতীয় সম্পাদকের দায়িত্ব দেওয়ায় ভীষণ খুশি তাঁর অনুগামীরা। মঙ্গলবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে তিনি দলগাঁও স্টেশনে পৌঁছালে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা তাঁকে এক অভূতপূর্ব ও উষ্ণ অভ্যর্থনা জানান।
নতুন দায়িত্ব পাওয়ার পরে নিজের এলাকায় ফেরা মাত্রই বিজিবি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দলগাঁও স্টেশনে ট্রেন থেকে নামামাত্রই দলীয় কর্মীরা নবনিযুক্ত জাতীয় সম্পাদককে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন। স্টেশন চত্বরে ঢাক-ঢোল এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উত্তরবঙ্গের এই প্রভাবশালী নেতাকে কেন্দ্রীয় কমিটিতে এত বড় পদ দেওয়ায় উচ্ছ্বসিত গোটা অঞ্চলের বিজেপি নেতৃত্ব ও সাধারণ সমর্থকেরা নতুন এই সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর মনোজ টিগ্গার কাঁধে এখন জোড়া চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একদিকে যেমন তাঁকে উত্তরবঙ্গে দলীয় সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী করতে হবে, অন্যদিকে তেমনই এই অঞ্চলের মানুষের বঞ্চনা, সমস্যা এবং বিভিন্ন দীর্ঘদিনের দাবিদাওয়া জাতীয় স্তরে জোরালোভাবে তুলে ধরতে হবে। কর্মী-সমর্থকদের আশা, সংসদীয় রাজনীতির পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রেও তিনি সমান পারদর্শিতার সঙ্গে কাজ করবেন। সময়ই বলবে,মনোজ তাঁর উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে বিশ্বাসের মর্যাদা দিতে কতটা সক্ষম হন ।।


More Stories
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
দলের মধ্যে মারামারি , বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠী এন্টালি থানা তালা-বন্ধ করল
সাতখুন মাফ!হেলমেটহীন বাইক ৱ্যালি বিজেপির!