সময় কলকাতা ডেস্ক : শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার সকালে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ বেলুড় মঠ থেকে বেসরকারি হাসপাতালে পৌঁছন তিনি। সূত্রের খবর, বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রেসিডেন্ট মহারাজ। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্ম গ্রহণ করেন স্মরণানন্দ৷মাত্র কুড়ি বছর বয়সেই তিনি শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হন৷ ১৯৫২ সালে রামকৃষ্ণ সঙ্ঘের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দের কাছে দীক্ষা নেন তিনি। এরপর যোগ দেন মুম্বই আশ্রমে৷ ১৯৫৬ সালে ব্রহ্মচর্য ও ১৯৬০ সালে সন্ন্যাস নেন৷ ১৯৫৮ সালে মুম্বই থেকে অদ্বৈত আশ্রমের কলকাতা কেন্দ্রে আসেন৷ ১৮ বছর ধরে এই আশ্রমের মায়াবতী ও কলকাতা দুই কেন্দ্রের দায়িত্ব সামলান তিনি৷ পাশাপাশি, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত ইংরেজি পত্রিকা ‘প্রবুদ্ধ ভারত’-এর সহ-সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি৷ ১৯৭৬ সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক হন তিনি৷ ১৯৯১ সালে চেন্নাই রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হন৷এরপর ১৯৯৫ সালে মিশনের সহকারী সম্পাদক ও তার দু’বছর পর তিনি সাধারণ সম্পাদক নিযুক্ত হন৷ এরপর সহ-অধ্যক্ষ, সহ -সঙ্ঘাধ্যক্ষ পদে নির্বাচিত হন স্বামী স্মরণানন্দ৷


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি