Home » হাতির দাঁত পাচার কাণ্ডে ধৃত ২

হাতির দাঁত পাচার কাণ্ডে ধৃত ২

সময় কলকাতা ডেস্কঃ হাতির দাঁত পাচার কাণ্ডে গ্রেফতার করা হল দুই দুষ্কৃতীকে। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কলেজ মোড় এলাকার ঘটনা।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর কলেজ মোড় এলাকায় তল্লাশি চালান এসএসবি-র গোয়েন্দা ইউনিট এবং বন দপ্তরের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে সন্দেহজনক অবস্থায় ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় হাতির দাঁত। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তির নাম বুদু সামাদ(৫৪) এবং নীতু লাল নাগাশিয়া(৫০)। বুদু সামাদ চটহাট এবং নীতু লাল নাগাশিয়া তারবন্ধা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ১৩৬ গ্রাম ওজনের হাতির দাঁত উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া হাতির দাঁত নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত ওই দুই ব্যক্তির থেকে জানা যায়। বুধবার ধৃত ওই দুই ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে কোথা থেকে চোরা শিকারীরা হাতির দাঁত নিয়ে আসছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author