Home »  চার রাজ্যে বিজেপির জয়, এ রাজ্যের মৃতপ্রায় বিজেপি কতটা পুনরুজ্জীবিত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন

 চার রাজ্যে বিজেপির জয়, এ রাজ্যের মৃতপ্রায় বিজেপি কতটা পুনরুজ্জীবিত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন

সময় কলকাতা ডেস্কঃ দেশের বিজেপির কর্মী-সমর্থকেরা শুরু করে বিজেপির তাবড় নেতৃত্ব তাকিয়েছিল উত্তরপ্রদেশের ২০২২ এর বিধানসভা নির্বাচনের ফলের দিকে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে  শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের আলোচনার বিষয়বস্তু ছিল উত্তর প্রদেশের বিধানসভার ফল। জাতীয় রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা উত্তরপ্রদেশ যার দেশের সরকার তার। অর্থাৎ উত্তর প্রদেশ এর ক্ষমতা দখল হলেই লোকসভা নির্বাচনেও সেই দল দেশে ভাল ফল করবে। এই প্রচলিত কথাকে সামনে রেখেই কার্যত বিজেপি নেতৃত্ব তাকিয়েছিল উত্তরপ্রদেশের ফলের দিকে। বারবার নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপি নেতৃত্ব একটি কথাই উল্লেখ করেছেন ডবল ইঞ্জিন সরকার। সে ক্ষেত্রে বলা যেতেই পারে উত্তরপ্রদেশের মানুষ বিজেপির এই ডাবল ইঞ্জিন সরকারের উপরেই ভরসা রাখল।২০১৭-র  উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ৩২২ টি আসনের সীমা লঙ্ঘন করতে না পারলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে বিজেপি। যোগ বিয়োগের খেলায় যোগী আদিত্যনাথ যে অনেকটাই এগিয়ে ছিলেন সেকথা সমস্ত এক্সিট পোলেই কার্যত বলা হয়েছিল। সেই ভোট ফেরত সমীক্ষাকেই সঠিক প্রমাণ করলো উত্তরপ্রদেশের ভোটের ফলাফল। উত্তরপ্রদেশের মানুষ যোগী আদিত্যনাথ এর উপর আরেকবার ভরসা রাখলেন। নির্বাচনের আগেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল লাগাতার আন্দোলন করেছিল হাথরাস ,লখিমপুর খেরি এবং উন্নাওয়ের ঘটনা নিয়ে। রাজনৈতিক মহল আশঙ্কা প্রকাশ করেছিলেন নারী নির্যাতন বাল্যবিবাহ ধর্ষণ সহ একাধিক ঘটনায় জর্জরিত উত্তরপ্রদেশে যোগী সরকারের পতন হতে পারে। কিন্তু দেখা গেল সেই সমস্ত ঘটনার কোনরকম প্রভাব পড়েনি ভোটবাক্সে। কৃষি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি, যার প্রভাব পড়েছিল পাঞ্জাব এবং উত্তরপ্রদেশেও। কৃষি আইন প্রত্যাহার বলা যেতে পারে কৃষক আন্দোলনের প্রভাবকে ধুয়েমুছে সাফ করে দিয়েছে। কৃষি আইন প্রত্যাহার কৃষকদের মনে ফের বিজেপির প্রতি আস্থা এনে দিয়েছে। পাশাপাশি বারাণসীতে বিশ্বনাথ মন্দিরের নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি সেইসঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠাও হিন্দু ভোটকে রিভার্স সুইং করে আবার বিজেপির দিকেই নিয়ে এসেছে।

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাঁদের বক্তব্যে জানাচ্ছিলেন যে মোদী ম্যাজিক আগে দেখা গিয়েছিল সেই মোদী ম্যাজিক কিছুটা হলেও ম্লান হয়ে গিয়েছে দেশে। কিন্তু নরেন্দ্র মোদীর  একাধিক জনমুখী প্রকল্প সেই সঙ্গে বিভিন্ন উন্নয়নের বার্তা ভোটারদের মন জয় করেছে বলেই মত বিজেপি নেতৃত্বের। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের আবহে ইউক্রেনে পড়তে যাওয়া ছাত্রদের এই কঠিন পরিস্থিতিতে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পদক্ষেপ, ভোটারদের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ভোটের আগে একাধিক মহলের বক্তব্যে এ কথা বারবার প্রকাশ পেয়েছিল উত্তরপ্রদেশে যদিও বা বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারে বাকি চার রাজ্যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু নির্বাচনের ফলাফলের পর দেখা গেল সমস্ত সম্ভাবনাকেই বোল্ড আউট করে মোদী ম্যাজিক কাজ করলো ৪ রাজ্যে । ২০২৪ এর লোকসভার আগে পাঁচ রাজ্যের ফলাফল অনেকটাই বিজেপিকে এগিয়ে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে এই পাঁচ রাজ্যের ফলাফলের পরেই রাজ্যের একাধিক জায়গায় মৃতপ্রায় বিজেপি আবার পুনরুজ্জীবিত হয়েছে। দুপুর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির বিজয় উল্লাস। সম্প্রতি হয়ে যাওয়া পৌরসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছিল দ্বিতীয় স্থান অধিকারী বিজেপি কার্যত অবনমন ঘটে তৃতীয় স্থানে পৌঁছেছে। পুরো ভোটের ফলাফলের পরেই রাজ্যের বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি কর্মীরা অনেকটাই ছিল ম্রিয়মাণ। গোষ্ঠী কোন্দলে জেরবার রাজ্য বিজেপি বহু নেতৃত্ব তলায় তলায় যোগাযোগ রাখছিল শাসকদল তৃণমূলের সঙ্গে। বেসুরো বহু নেতাই প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছিল রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে। একদিন আগেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার আগেই পরিষ্কার ভাষায় বলে গিয়েছিলেন বিজেপি এই রাজ্যে গাড্ডায় পড়েছে। বিজেপির গুরুত্ব অনেক কমে গিয়েছে। একদা তৃণমূল কর্মীদের কাছে লাথি খাওয়া বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সমস্ত অপমান ভুলেও হাতে তুলে নিয়েছে শাসকদলের ঝান্ডা। রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বনফুল থেকে ছোট ফুলে যেতে বিন্দুমাত্র কুন্ঠা প্রকাশ করেননি জয়প্রকাশ। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দীর্ঘদিন ধরেই বেসুরো সুরে বাজছেন। আর তার সঙ্গে সুরে সুর মিলিয়েছেন আরো বহু ছোট-বড় বিজেপি নেতা।

উত্তর প্রদেশ সহ বাকি তিন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় এ রাজ্যের মৃতপ্রায় বিজেপি কতটা পুনরুজ্জীবিত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

 

মোদি ম্যাজিক আবার উঠলো জেগে ,শুধু এরাজ্যে ফিকে

About Post Author