জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতা : জট কিছুতেই কাটছে না বিশ্বভারতীর।সোমবার থেকে আবার সরগরম হওয়া বিশ্বভারতীর পড়ুয়াদের লাগাতার আন্দোলনের মধ্যেই এবার বিশ্বভারতীর কর্মসচিবের পদ থেকে সরে দাঁড়ালেন আশিস আগরওয়াল। মঙ্গলবার বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, আশিস আগরওয়াল বিশ্বভারতীর কর্মসচিবের পদে থাকছেন না। কর্মসচিবের পদ থেকে তাঁর অব্যহতি নেওয়ার কারণ বিস্তারিত কিছুই এসম্পর্কে জানান নি আশিস আগরওয়াল। তবুও তাঁর ইস্তফার কারণ অনুসন্ধান করার ফাঁকে উঠে আসছে কতগুলি বিষয়।

এ প্রসঙ্গে উল্লেখ্য,গত মাসের শেষের দিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে ছাত্র-ছাত্রীরা একাধিক দাবী তুলে বিক্ষোভ শুরু করে। ১৮ দিন আগে শুরু হওয়া আন্দোলনের অভিমুখ পাল্টেছে বারবার। তবুও এরমধ্যে মূলত ক্ষোভ বিক্ষোভ প্রদর্শনের লক্ষ্যবিন্দু হয়ে উঠেছিলেন কর্ম সচিব। সে সময়ই তাঁকে ঘেরাও করার কর্মসূচী নেওয়া হয়।অবিলম্বে হোস্টেল খুলতে হবে, অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না, অবিলম্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে ইত্যাদি দাবী তুলে পড়ুয়ারা ঘেরাও করে রাখে কর্মসচিবকে।কর্মসচিব হামাগুড়ি দিয়েও পার পান নি ঘেরাও হয়ে থাকার পরিস্থিতি থেকে।আদালতের নির্দেশে সেবার মুক্তি পেয়েছিলেন কর্মসচিব।

সোমবার বাংলাদেশ ভবনে বৈঠকে গিয়েছিলেন কর্মসচিব ও অন্যান্য আধিকারিকরা। সেইসময়ও তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।আর এরকম উত্তাল অবস্থার মধ্যেই আধিকারিক অতিগ ঘোষ সংবাদ মাধ্যমকে কর্মসচিব আশিস আগরওয়ালের পদত্যাগের খবর জানান।তিনি বা কেউই এনিয়ে কিছুই খোলসা করেন নি।তাহ’লে কেন তাঁর পদত্যাগ?সূত্রের খবর, একটানা ছাত্র আন্দোলনের জেরে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে