সময় কলকাতা ডেস্কঃ স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র নাকি আবর্জনার ভাগার? এমনই প্রশ্ন তুলছেন মালদহ জেলার অন্তর্গত চাঁচল ব্লকের স্থানীয় বাসিন্দারা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর বিভাগের সামনেই তৈরি হয়েছে আবর্জনার পাহাড়। আর সেই জমা আবর্জনার দুর্গন্ধে জীবন যেন অতিষ্ট হয়ে উঠেছে রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের। এই বিষয়টিকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এই নোংরা আবর্জনা সাফাই নিয়ে হাসপাতাল কতৃপক্ষ মুখ না খুললেও দ্রুত আবর্জনা পরিষ্কারের আশ্বাসবাণী দেন চাঁচল হাসপাতালের চেয়ারম্যান তথা চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মালদা মেডিকেল কলেজের পর তাঁদের দ্বিতীয় চিকিৎসাকেন্দ্রটি হল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। চাঁচলের ৬ টি ব্লকের মানুষ আসেন এখানে চিকিৎসা পরিষেবা নিতে। বেশ কয়েক মাস ধরেই এই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোর বিভাগের সামনে তৈরি হয়েছে আবর্জনার ভাগাড়। অভিযোগ, রোগীদের ব্যান্ডেজ, তুলো, ওষুধ ও ইনজেকশনের সিরিজ থেকে শুরু করে উচ্ছিষ্ট খাবার সবকিছু ফেলে রাখা হয় এই হাসপাতালের আউটডোর বিভাগের সামনে। মাসের পর মাস ধরে এই ভাবেই আউটডোর বিভাগের সামনে তৈরি হয়েছে নোংরা আবর্জনা ভাগাড়।আর সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষজন ওই অস্বাস্থ্যকর পরিবেশে লাইন দিয়ে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বারংবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। কোথায় ফেলা হবে বর্জ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বছর কাটিয়ে দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে চাঁচল ব্লক প্রশাসন। তারা কেউই এখনও পর্যন্ত এই সমস্যার সুরাহা করতে পারেননি।
ইতিমধ্যেই চাঁচল হাসপাতালের চেয়ারম্যান কল্লোল রায় আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব হাসপাতাল চত্বর থেকে নোংরা আবর্জনা সরিয়ে ফেলা হবে। প্রসঙ্গত,এ বিষয়ে বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা জানান,‘ হাসপাতালে শুধু নীল সাদা রং-ই হয়েছে,স্বাস্থ্যপরিষেবা বলে কিছু নেই সেখানে’। অন্যদিকে, এ বিষয়ে তৃণমূল নেতা অমিতেষ দেশপান্ডে জানান,‘ নিয়মিত হাসপাতালে নোংরা পরিস্কার করা হয়ে থাকে,কোনো কারণে হয়তো এতদিন হয়নি। এই আবর্জনা যত দ্রুত সম্ভব পরিষ্কার করা হবে। প্রশাসনের তরফে আবর্জনা পরিষ্কারের আশ্বাস মিললেও কাজ কবে শুরু হবে চাঁচলবাসীর কাছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন