সময় কলকাতা ডেস্ক: দোলের পরেও রেশ কাটেনি বসন্ত উৎসবের। সাড়ম্বরে বসন্ত উৎসবে মাতলেন মালদহের হরিশ্চন্দ্রপুরে বাসিন্দারা। এই উৎসবে নাচে-গানে মাতিয়ে দিলেন হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র তথা বিখ্যাত বাংলা ব্যান্ড ভূমির গায়ক সৌমিত্র রায়। এদিন হরিশ্চন্দ্রপুর সুরজিৎ ডান্স একাডেমির উদ্যোগে হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রখ্যাত গায়ক সৌমিত্র রায় পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সভাপতি মানিক দাস, তৃণমূলের জেলা সহ-সভাপতি বিকাশ ব্যানার্জি, উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সম্পাদক রুপেশ আগারওয়ালা সহ অন্যান্যরা। বিখ্যাত শিল্পীকে নিজেদের অনুষ্ঠানে পেয়ে খুশি উদ্যোক্তারা।

হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী মাঠে এলাকার নৃত্য অনুরাগীদের সঙ্গে গানের তালে তালে নাচে মেতে ওঠেন গায়ক সৌমিত্র। গ্রামের ছেলে মেয়েরা সৌমিত্রর গানের সঙ্গে সঙ্গে তাল মেলান।
এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে গায়ক সৌমিত্র রায় জানান হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী ময়দানে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে এসেছি। খুব ভালো পরিবেশ। এলাকার ছেলে মেয়েদের সঙ্গে গান গাইলাম। সুরজিৎ ডান্স একাডেমির এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। খুব আনন্দ করলাম গ্রামের ছেলেদের সঙ্গে।

এ প্রসঙ্গে সুরজিৎ ডান্স একাডেমির কর্ণধার নৃত্যশিল্পী সুরজিৎ মিশ্র জানান গত দু’বছর ধরে আমাদের এই বসন্ত উৎসব করোনার জন্য বন্ধ ছিল। আজ আবার আমরা বসন্ত উৎসব এ বছর শুরু করলাম। আশা করব পৃথিবী থেকে করোনা মহামারী দূর হয়ে যাক। হরিশ্চন্দ্রপুর এর ভূমিপুত্র বিখ্যাত গায়ক সৌমিত্র রায় আমাদের সাথে বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন। আমরা ওনার গানের তালে তালে নাচে অংশগ্রহণ করলাম।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী