সময় কলকাতা ডেস্কঃ ফের অগ্নিকাণ্ড। মঙ্গলবার সাত সকালেই রঙের গুদামে আগুন! নিউ আলিপুর থানার অন্তর্গত চেতলা রোড এলাকার ঘটনা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই আগুন লাগে এলাকারই একটি রঙের গুদামে। এরপরেই তা দ্রুত গুদাম চত্বরে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় দমকলে। অভিযোগ, খবর দেওয়ার পরেও দমকলকর্মীরা আসতে দেরি করে।আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। তারপরেই প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় নিউ আলিপুর থানার পুলিশ সহ দমকলের ১টি ইঞ্জিন। দমকলের ১ টি ইঞ্জিন পাঠানোর কারণে ক্ষুব্ধ হয়ে যান এলাকাবাসীরা। এরপর বিধ্বংসী এই আগুন নেভাতে এলাকায় পৌঁছায় দমকলের আরও ৪ টি ইঞ্জিন।\

অন্যদিকে, ভয়াবহ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। গুদামের অনেকটা ভেতর অবধি আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পাশাপাশি ভয়াবহ আগুনের জেরে ভেঙে পড়েছে গুদামের একাংশ। তবে বেশ কিছু বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন স্থানীয়রা। সেগুলি গুদামে মজুত করে রাখা রাসায়নিকের বিস্ফোরণের শব্দও হতে পারে বলে জানান তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী