সময় কলকাতা ডেস্কঃ হাতে প্রাণ নিয়ে ভাঙা কাঠের ব্রিজ পেরোতে হয় গ্রামের ছাত্রছাত্রীদের, তারপর যেতে হয় স্কুলে। হেঁটে গেলেই মড়মড় করে সেতুটি। মনে হয় এই ভেঙে পড়বে বুঝি। তার ওপর সাইকেল চেপে গেলে তো কথায় নেই। প্রায়সই ঘটছে দুর্ঘটনা। কিন্তু এই পথ ছাড়া অন্য পথ নেই। বাধ্য হয়ে এই পথ দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। আর তাই নতুন কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।
কাঠের ব্রিজের পরিবর্তে নতুন কংক্রিটের ব্রীজের দাবিতে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করে দক্ষিণ নারকেলদা গ্রামের বাসিন্দারা। দক্ষিণ নারকেলদা গ্রামে প্রতাপখালি খালের ওপর প্রায় ৩৫ ফুট কাঠের ব্রিজটি ভগ্নপ্রায় দশা। ব্রিজ দিয়ে পারাপারের সময় ঘটছে দুর্ঘটনাও। শুধু দক্ষিণ নারকেলদা গ্রাম নয় পার্শ্ববর্তী আরও চার পাঁচটা গ্রামের বাসিন্দারা এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন নিত্যদিন। এমনকি দক্ষিণ নারকেলদা স্কুল সহ আরও একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই ব্রিজ দিয়েই স্কুলে যাতায়াত করে। কিন্তু বর্তমানে কাঠের ব্রিজটি ভগ্নপ্রায় দশা।ফলে সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়া থেকে সকলেই। গ্রামবাসীদের অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন দিয়েও কোন সুরাহা হয়নি। এমনকি জানানো হয়েছে স্থানীয় বিধায়ক সুকুমার দে-কেও। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়েই পথ অবরোধ করে গ্রামবাসীরা।
এদিকে সপ্তাহের মাঝে কাজের দিনে রাস্তা অবরোধ করার ফলে দীর্ঘ যানজটের সমস্যা হয়। আটকে পড়েন বহু অফিস যাত্রী, স্কুলের বাস।এমনকি রোগীর অ্যাম্বুলেন্সও ।
ঘটনাস্থলে আসেন তমলুক ও নন্দকুমার থানার ট্রাফিক পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে বুঝিয়েসুজিয়ে রাস্তার অবরোধ তুলে দেয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান