সময় কলকাতা ডেস্ক: পটলের খেত থেকে অর্ধনগ্ন অবস্থায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার নন্দীপাড়া কুচেমোড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য।প্রাথমিক তদন্তে অনুমান, মদ খাওয়ানোর পর ধর্ষণ ও খুন করা হয়েছে বধূকে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি পুলিশের। ঘটনার কথা জানজানি হতেই ভিড় জমান এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীপাড়া এলাকায় একটি বড় আম বাগানের ভিতর পটলের জমি রয়েছে। তার মালিক কুতুবুদ্দিন মণ্ডল। সোমবার সকালে পটলের ফুলের পরাগ মিলন করতে জমিতে যান ওই ব্যক্তি। সেই সময় তিনি দেখেন এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি এলাকাবাসীকে খবর দেন। ঘটনা জানাজানি হতে দেগঙ্গা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। গ্রামবাসীদের দাবি, বাইরে থেকে নিয়ে এসে ওই মহিলার উপর শারিরিক অত্যাচার করে খুন করা হয়েছে।

গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে পাওয়া মদের বোতল, মহিলার রক্তমাখা জামাকাপড়, জলের বোতল-সহ বেশ কিছু জিনিস উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই গৃহবধূকে রাতের অন্ধকারে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে এসে তাঁকে মদ পান করানো হয়। এরপর ধর্ষণ করা হয়। পরে প্রমাণ লোপাটে শ্বাসরোধ করে খুন করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও মৃতের পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তের সন্ধান শুরু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব স্থানীয়রা।


More Stories
জ্বলন্ত সিগারেট দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১