Home » দীর্ঘ প্রতিক্ষার অবসান, শেষ হল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’

দীর্ঘ প্রতিক্ষার অবসান, শেষ হল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’

সময় কলকাতা ডেস্কঃ রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং অবশেষে শেষ হল। পাঁচ বছর আগে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। লকডাউন, করোনা সহ বিভিন্ন কারণে বারবার পিছিয়ে গিয়েছিল শুটিং। শেষমেষ প্রতীক্ষার অবসান। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে সেই খবর জানালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রণবীর ও আলিয়া।

মঙ্গলবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন। সেখানে একই ফ্রেমে দেখা যায় রণবীর ও আলিয়াকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন খোদ পরিচালক। গলায় গাঁদা ফুলের মালা পড়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। তিনি লেখেন, ‘পাঁচ বছর কেটে গেল এবং অবশেষে শেষ হল শ্যুটিং। ৫ বছর আগে আমরা ব্রহ্মাস্ত্রের প্রথম শট নিয়েছিলাম। সত্যিই অসাধারণ, চ্যালেঞ্জিং এবং এমন একটা যাত্রা যা জীবনে একবারই আসে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট অংশ ভাগ করে নিয়েছেন আলিয়া ভাটও। সেখানে দেখা যায়, বেনারসের ঘাটে একটি নৌকায় রয়েছে সবাই। ক্যাপশানে আলিয়া লেখেন, ‘২০১৮ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই ছবির শ্যুটিং করছিলাম। অবশেষে ব্রহ্মাস্ত্র ছবির প্রথম পর্বের শ্যুটিং শেষ হল। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। টিজারে তাকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। লাল শাড়িতে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট। তারপরেই আবার সাদা পোশাকে দেখা গিয়েছে আলিয়া ভাটকে, যেখানে কেউ তার সামনে আগুনের গোলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওর শেষে আলিয়াকে একটি বিস্ফোরণ থেকে নিজেকে এবং রণবীরকে রক্ষা করতে দেখা গেছে। টিজারের একেবারে শেষ আলিয়াকে একা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রণবীর আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ প্রেক্ষাগৃহে আসতে চলেছে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর। হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় মোট পাঁচটি ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি। আপাতত ছবি মুক্তির দিন গুনছেন ভক্তরা।

About Post Author