সময় কলকাতা বীরভূম: রামপুরহাটের বগটুইতে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মিহিলাল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা।প্রশাসনের নিরাপত্তার ঘেরাটোপে ঘটনার ৮ দিন পর অবশেষে গ্রামের উদ্যেশ্যে রওনা দেন। বুধবার সকালে জেলা পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে বাতাসপুর গোপালজোল গ্রাম থেকে, মিহিলাল সেখ ,তার ছেলে কিরণ সেখ ,দাদা বানিরুল সেখ ও আবদ্দুল সেখরা প্রশাসনের দেওয়া গাড়িতে চেপে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুইয়ে দাঁড়িয়ে ঘরছাড়াদের গ্রামে ফেরার আহ্বান জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পুলিশ সবরকম নিরাপত্তার ব্যবস্থা করবে। তার পরই গ্রামে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেন মিহিলালেরা। কিন্তু প্রশাসনিক ও ব্যক্তিগত স্তরে কিছু কাজের কারণে এত দিন বাতাসপুরেই ছিলেন তাঁরা। এ বার প্রশাসনের সাহায্যে ফের বগটুই গ্রামে ফিরে যাচ্ছেন তাঁরা।

সাঁইথিয়ার বাতাসপুর থেকে বগটুইয়ের দিকে রওনা হওয়ার সময় মিহিলাল শেখ বলেন, ‘‘গ্রামে আপাতত কোনও আতঙ্ক নেই। কিন্তু ভবিষ্যতে কি হবে জানি না। আপাতত বগটুইয়ের পাশের গ্রাম কুমারড্ডায় আত্মীয়ের বাড়িতে থাকব। মেয়ে মারা গিয়েছে। ছেলে ইব্রাহিমকে মানুষ করতে চাই। বাড়ি ঘরদোর ঠিক হলে বগটুইয়ে ঘরে ঢুকব।’’

২১ মার্চ রামপুরহাটের বগটুইতে খুন হন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু সেখ। ওই ঘটনার পর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হয় ৯ জনের যা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। ওই ঘটনায় রাজ্য সরকার সিট গঠন করলেও আদালতের নির্দেশে তদন্তভার পায় সিবিআই। নারকীয় এই হত্যা কাণ্ডের ঘটনায় তদন্তকারীরা এখনও পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?