Home » ভাদু শেখ খুনের ঘটনায় নতুন করে গ্রেপ্তার ৩

ভাদু শেখ খুনের ঘটনায় নতুন করে গ্রেপ্তার ৩

সময় কলকাতা বীরভূম: রামপুরহাটের বগটুই  মোড়ে বোমা মেরে উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় নতুন করে ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। মালদহ, রামপুরহাট ও ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।পুলিশ জানিয়েছে ধৃতেরা হল শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। তাদের বুধবার রামপুরহাট আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ।ফলে ভাদু শেখ খুনের ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪ হল।

প্রসঙ্গত, ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই  মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। আগেই হানিফ শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উপপ্রধান ভাদু শেখ হত্যা কাণ্ডের তদন্ত সিবিআই নাকি পুলিশই করবে, তা নিয়ে গত সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। এখনও সেই মামলায় কোনও রায় দেয়নি হাই কোর্ট। তারই মাঝে মঙ্গলবার আরও ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের খোঁজেও চলছে জোর তল্লাশি।ধৃতদের মধ্যে সঞ্জু শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মোবাইল লোকেশন ট্র‌্যাক করে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ধৃত তিনজনকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে হানিফের বিরুদ্ধে। প্রসঙ্গত, ভাদু শেখ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিচ্ছিলেন ভাদু শেখ ।ওই সময়ই পিছন থেকে বোমা মেরে খুন করা হয় তাঁকে। ভাদুর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম ৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।পরদিন একটি বাড়ি থেকে সাতজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট দমকল বাহিনী। ঘটনায় শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতেই চর্চা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি নিয়ে চর্চা চলছে।

About Post Author