সময় কলকাতা ডেস্ক: আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনার কারণে দীর্ঘ দুবছর পরে অফলাইনে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। আর তাই ছাত্রছাত্রী সহ অভিভাবক সকলেই উদ্বিগ্ন। এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে দিচ্ছেন তারা অনলাইনে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আজ দীর্ঘ দু’বছর পর প্রথমবার অফলাইনে জীবনের বড় পরীক্ষাইয় বসতে হল পরীক্ষার্থীদের।
পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। সকলেই তাদের সন্তানের ভালো পরীক্ষার জন্য কামনা করছেন। যদিও এই বছর উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে নিজের স্কুল ও কলেজে পরীক্ষা নেওয়া হচ্ছে। স্বভাবতই পরীক্ষার্থীদের জন্য তা অনেকটাই সুবিধাজনক।
পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত অভিভাবক সুজয় চট্টোপাধ্যায় জানান, ‘গত দু বছর পরীক্ষা অফলাইনে হওয়ার মতো পরিস্থিতি ছিল না। তবে এই বছর সংসদ থেকে পরীক্ষা দেওয়ার জন্য কড়া নিয়ম করেছে।’ তিনি বলেন, ‘নিজেদের স্কুলে পরীক্ষা দিলে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আগে থেকে এসে বসার জায়গা খুঁজতে হয় না। নতুন জায়গাতে মানিয়ে নিতে একটা সময় লাগে যেটা নিজের স্কুলে লাগে না।’
পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত এক পরীক্ষার্থীর কথায়, ‘যথেষ্ট ভয়ও করছে যেমন তেমনই একটা আলাদা অনুভূতি কাজ করছে। মাধ্যমিক অনলাইনে পাশ করার পরে এবারে উচ্চ মাধ্যমিক অফলাইনে দিচ্ছি। তাই ভয় করছে। অনলাইনে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আর অফলাইনে পরীক্ষার অভিজ্ঞতা আলাদা।’ উল্লেখ্য, দীর্ঘ দু বছর পরে স্কুল কলেজ চালু হওয়ার পরে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুনরায় অফলাইনে হওয়ার কথা জানান কর্তৃপক্ষ।
দক্ষিণ দিনাজপুর জেলায় এবারে মোট ১৩ হাজার ১২৯ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। যাদের মধ্যে ৫ হাজার ৮১৬জন ছাত্র এবং ৭হাজার ৩১৩ জন ছাত্রী আছে। এবারেও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশী। জেলায় মূল পরীক্ষা কেন্দ্র রয়েছে ১১ টি এবং মোট পরীক্ষা কেন্দ্র ১৩১ টি। পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থা থাকছে। কোথাও যাতে ট্র্যাফিক সমস্যা না হয় তার জন্যও বিশেষ ব্যবস্থা থাকছে৷ প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই রয়েছে পুলিশ মোতায়েন৷ নকল করা রুখতে পরীক্ষা কেন্দ্রের ভিতর কড়া নজরদারি চালানো হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি