সময় কলকাতা ডেস্ক: ক্রমবর্ধমান জ্বালানির দাম। গত ১৩ দিনে ১১বার জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে। লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়, ডাঃ সুজয় চক্রবর্তী। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সদরের নেতৃত্বরা।

অরূপ রায় জানান, ‘সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার। পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করবে দেশ থেকে। শুধু তাই নয়, সাধারণ মানুষের ওপর এই আর্থিক চাপ বালিগঞ্জ আসানসোল উপ নির্বাচনে প্রভাব ফেলবে। দিনের-পর-দিন পেট্রোল ডিজেল গ্যাস এমনকি ওষুধ মহার্ঘ হচ্ছে। পরিস্থিতি সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বিজেপি এর উপযুক্ত জবাব পাবে।’
প্রসঙ্গত, আজ তৃণমূলের রবিবাসরীয় প্রতিবাদ মিছিলে হাজারখানেক তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত হয়। প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল মহিলা কংগ্রেস সদস্যরাও।

অন্যদিকে, আজ হাওড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করে হাওড়া জেলা কংগ্রেস। সবজি ভর্তি ঠেলা ও গ্যাসের সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে অভিনব মিছিল কংগ্রেসের। হাওড়ার সন্ধ্যা বাজার থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করে তারা। তারপর হাওড়া ময়দানে গ্যাস সিলিন্ডার ও পেট্রোল পাম্পের পেট্রোল দেওয়ার যন্ত্রের প্রতিকৃতিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় জেলা কংগ্রেস। অভিযোগ, রাজ্য ও কেন্দ্র সরকার দুজনেই সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের উপরে শোষণ করছে। আজকের মিছিল থেকে পেট্রো পণ্য সহ গ্যাসের দাম কমানোর দাবি জানায় তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী