সময় কলকাতা ডেস্ক: প্রেমে পড়ার কোনও বয়স হয় না। প্রমাণ করলেন নদিয়ার রাণাঘাটের বৃদ্ধাশ্রমের দুই আবাসিক। শুধু প্রেমই নয়, সাত পাকে বাঁধাও পড়লেন তারা। ৭০ বছর বয়সে আইন মেনে রেজিস্ট্রি বিয়ের পর স্ত্রীর দায়িত্ব নিলেন বৃদ্ধ সুব্রত সেনগুপ্ত। স্বামীর হাত ধরে খুশি ৬৫ বছরের বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী।

নদিয়ার চাকদাহ থানার লালপুরের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত। তিনি রাজ্য পরিবহন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী। পরিবারে মা, দুই ভাই ও তাঁদের স্ত্রী- সন্তানরা আছে। এতদিন তিনি অবিবাহিত ছিলেন। পারিবারিক সমস্যার কারণে ২০১৯ সালের শুরুতে রাণাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমের শেষ জীবন কাটাতে বাড়ি ছেড়েছেন সুব্রতবাবু। বৃদ্ধাশ্রমে প্রায় পাঁচ বছর ধরে থাকতেন ৬৫ বছরের অপর্ণা চক্রবর্তী। তাঁর বাড়ি রাণাঘাটের আইসতলায়। তিনিও অবিবাহিতা ছিলেন। প্রায় ৩০ বছর কলকাতা বেলেঘাটায় একজন অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন তিনি। শেষ জীবনে বাপের বাড়ির দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যায়। তাই বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন।

বৃদ্ধাশ্রমেই দু’জনের প্রথম দেখা। শেষ পর্যন্ত বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন বৃদ্ধ। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন অপর্ণা দেবী। এরপর ২০২০ সালের মার্চ মাসে বৃদ্ধাশ্রম ছেড়ে ওই এলাকাতেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন সুব্রতবাবু। কিন্তু দিন ১০-১২ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখভালের জন্য এগিয়ে আসেন অপর্ণাদেবী । সুব্রতবাবু একটু সুস্থ হতেই নতুন করে একসঙ্গে পথচলার সিন্ধান্ত নেন তাঁরা। অভিভাবক হিসেবে তাঁরা বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকারকে বিষয়টি জানান। তারপর বিয়ের সমস্ত ব্যবস্থা করেন গৌরহরিবাবু।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য