Home » মগরাহাটে জোড়া খুন, উত্তেজনা, গাড়ি ও দোকানে আগুন

মগরাহাটে জোড়া খুন, উত্তেজনা, গাড়ি ও দোকানে আগুন

সময় কলকাতা ডেস্ক: মগরাহাটে  প্রকাশ্যে জোড়া খুন। সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। আর এই জোড়া খুনকে কেন্দ্র করে শনিবার সকালে ধুন্ধুমার  মগরাহাটের মাগুরপুকুর এলাকায়।দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের। জ্বালিয়ে দেওয়া হয় দোকান ও গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে মগরাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

 

স্থানীয় সূ্ত্রে খবর, সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু মলয় আদক বেশ কিছুদিন আগে ইমারতি সামগ্রী কেনার জন্য টাকা দিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ী জানে আলম মোল্লাকে। কিন্তু সেই সামগ্রী মেলেনি। তার পর থেকে টাকা ফেরত চাইছিলেন দুই যুবক। এদিন টাকা ফেরত দেবেন বলে তাদের ডেকে পাঠান আলম মোল্লা। বরুণ ও মলয় আসতেই স্থানীয় দোকানে ঢুকিয়ে তাদের খুন করা হয় বলে অভিযোগ। প্রথমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দু’জনকে খুন করে দুষ্কৃতীরা।

 

ঘটনার কথা জানাজানি হতেই দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে সরব হয় জনতা। গোটা হাট ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় গাড়িও। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জানেম আলম মোল্লা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব়্যাফ নামানো হয়। ডায়মণ্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এসডিপিও মিতুনকুমার দে-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ অবশ্য গুলি করে খুন করার কথা স্বীকার করেনি।মাঝেমধ্যেই দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। তবে প্রকাশ্যে এই ধরনের নৃশংস খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

About Post Author