Home » ফের নাবালিকা ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী

ফের নাবালিকা ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী

সময় কলকাতা ডেস্ক: হাঁসখালির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সামনে উঠে এল নাবালিকা ধর্ষণের ঘটনা। এবারের ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার নেতড়ার উত্তর শেওড়দাহ এলাকার।ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেতড়ার উত্তর শেওড়দাহর বাসিন্দা এমাদুল আখন (৪৫) পেশায় ফেরির কাজ করে। অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নাবালিকাকে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে ওই ব্যক্তি । এমনকি এই ঘটনার কথা ওই নাবালিকা যাতে কাউকে না বলে সেজন্য ভয় দেখিয়ে বিভিন্ন হুমকি দেয় বলে অভিযোগ। তারপর একাধিকবার ভয় দেখিয়ে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করত প্রতিবেশী এমাদুল।

এই ঘটনা জেনে ফেলে নির্যাতিতার খুড়তুতো বোন। আর তার পর ওই নাবালিকার পরিবারের লোকজন নির্যাতিতা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে সম্পূর্ণ ঘটনা জানতে পারে। ঘটনা প্রকাশ্যে আসার পরই প্রতিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার রাতেই ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযুক্ত এমাদুল আখনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ নাবালিকা ওই ছাত্রীর মেডিকেল টেষ্ট করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বারবার কেন বাংলার মেয়েদের ধর্ষিত হতে হচ্ছে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

About Post Author