Home » মাটিয়া কাণ্ডের তদন্তকারী অফিসারদের তলব লালবাজারে

মাটিয়া কাণ্ডের তদন্তকারী অফিসারদের তলব লালবাজারে

সময় কলকাতা ডেস্ক: রাজ্যে প্রতিদিনই একের পর এক ধর্ষণের খবর সামনে আসছে।হাইকোর্টের নির্দেশে রাজ্যের চারটি ধর্ষণের ঘটনার তদন্তভার নিয়েছেন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার দময়ন্তী সেন। তদন্তের গতি প্রকৃতি জানতে মাটিয়া কাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা, অভিরিক্ত পুলিশ সুপার, সিআই স্বরূপনগর ও তদন্তকারী অফিসারকে তলব করলেন দময়ন্তী সেন।শনিবার তাঁদের লালবাজারে গিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৩ শে মার্চ মাটিয়ায় নাবালিকাকে মোবাইল ফোন দেওয়ার নাম করে ডেকে ধর্ষণ করে বিবেকনগর কূলতলা ব্রিজের কাছে ফেলে রেখে যায় এক যুবক। পরদিন সকালে নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাটিয়া থানার পুলিশ। ঘটনায় তদন্তে জানা যায় নিজের পিসি রোজিনা বিবি ও তার প্রেমিক শহর আলী সর্দার ওরফে সাগর জড়িত। দুই জনকে গ্রেপ্তার করে মাটিয়া থানার পুলিশ। প্রথমে ৬ দিন তারপর আরও ৪ দিনের জন্য পুলিশ হেফাজত নেয়। পরে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত।এখন অভিযুক্তরা জেল হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, মাটিয়া ধর্ষণকাণ্ডের মামলাকারীরা কলকাতা হাইকোর্টে স্পেশাল সিপি দয়মন্তী সেনকে দিয়ে তদন্ত করার আর্জি জানান, মাননীয় প্রধান বিচারপতি সেই আর্জি মেনে নিয়ে তদন্তের ভার দেন দয়মন্তী সেনের হাতে। আদালতের নির্দেশে দায়িত্ব নিয়েছেন দময়ন্তী সেন। আজ তিনজন ইনভেস্টিগেশন অফিসারদের ডেকে পাঠানো হয়েছে লালবাজারে, এরপর তদন্ত কিভাবে এগোবে সেটা নিয়েই অপেক্ষায় মাটিয়ার বাসিন্দারা।

প্রসঙ্গত, ২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন কলকাতা পুলিশের দুই দক্ষ অফিসার জাভেদ শামিম ও দময়ন্তী সেন। সেই সময় দময়ন্তী সেনের ‘অতি সক্রিয়তা’ ভাল চোখে দেখেনি রাজ্য সরকার। তাঁকে বদলি করা হয়েছিল অন্য পদে। এবার আবার ধর্ষণকাণ্ডের মামলার তদন্ত দেওয়া হল তাঁকে। আগামী ২০ তারিখ এই মামলার শুনানি।

About Post Author