সময় কলকাতা ডেস্কঃ বড়সড় নাশকতার আশঙ্কা জঙ্গলমহলে। আগামী ১৫ দিনের মধ্যে হামলা চালাতে পারে মাওবাদীরা। সেই সতর্কবার্তা পেয়ে জঙ্গলমহল এলাকার প্রতিটি থানায় রাজ্য সরকারের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ১৫ দিনের জন্য ছুটি বাতিল করা হয়েছে পুলিশ অধিকারিকদের।পাশাপাশি যারা ছুটিতে রয়েছেন তাদেরও শুক্রবারের মধ্যে নিজেদের থানায় যোগ দিতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী মাওবাদীরা জঙ্গলমহলের যে কোনো জায়গায় বড়সড় হামলা চালাতে পারে।তাই আগাম সতর্কতার জন্য জঙ্গলমহলে নাকা চেকিং ও তল্লাশি অভিযানে জোর দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় ঝাড়খন্ড সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে মাওবাদীরা রাতের অন্ধকারে আসা-যাওয়া করছে। তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি অবগত করা হয়। সেই রিপোর্ট পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার জঙ্গলমহল এলাকার প্রতিটি থানায় হাই এলার্ট জারি করেছে।

প্রসঙ্গত, গত ৮ই এপ্রিল বনধের সমর্থনে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। এদিকে ২০০৮ সাল থেকে যেভাবে জঙ্গলমহলে মাওবাদীদের দাপট ও হামলার স্মৃতি এখনও দগদগে। এরইমাঝে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর জঙ্গলমহল জুড়ে পুলিশি তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।। তবে মাওবাদীদের আনাগোনা জঙ্গলমহলে বাড়ছে। ঘটনায় রীতিমত আতঙ্কিত জঙ্গলমহলবাসী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী