Home » বিশ্বভারতীর পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বিশ্বভারতীর পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতাঃ বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রাবাসে একাদশ শ্রেণির পড়ুয়ার আত্মহত্যা। কেন এমন ঘটনা তা নিয়ে ধন্দে বিশ্বভারতী কর্তৃপক্ষ, পড়ুয়া থেকে শুরু করে পরিবারের সদস্যরা।

বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎ পাঠভবনের উত্তর শিক্ষা ছাত্রাবাসে অসীম দাস নামে ওই ছাত্র আত্মহত্যা করে। একাদশ শ্রেণির পড়ুয়া সে। বনগ্রামের বাসিন্দা। পড়ুয়াকে উদ্ধার করে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর কথা জানতে পেরে ভেঙে পড়েন মা। পরিবারের দাবি, বুধবার রাতেই ছেলের সঙ্গে কথা হয়। তারপর আজ সকালেই খবর দেয় অসীম মারা গেছে। ছেলেকে কিছু খাইয়ে মেরে ফেলেছে এরা, ছেলে নিজের থেকে এই কাজ করতেই পারেনা বলে অভিযোগ পরিবারের। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানায় পরিবার।

ছেলের এভাবে মৃত্যু মানতে পারছে না বাবা-মা। বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের দাবিতে বিক্ষোভ পরিবাবের সদস্যদের। তাদের দাবি, বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে নয়, বোলপুর মহকুমা হাসপাতালে হোক ময়নাতদন্ত। এরপর পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে এসে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাড়ির সামনে বিক্ষোভ দেখায়।

ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে উপস্থিত হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পড়ুয়ার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে গোটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। কি কারণে মৃত্যু তদন্তে পুলিশ।

About Post Author