Home » উপাচার্যের ব্যবহারে বিস্মিত মৃত ছাত্রের পরিবার

উপাচার্যের ব্যবহারে বিস্মিত মৃত ছাত্রের পরিবার

সময় কলকাতা ডেস্ক: ফের সংবাদের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এক ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে সরগরম বিশ্বভারতী ক্যাম্পাস। ২৪ ঘন্টা অতিক্রান্ত! তারপরও মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন না বিশ্বভারতীর উপাচার্য।যা নিয়ে ক্ষোভ মৃতের পরিবারের।বৃহস্পতিবার, বিশ্বভারতীর ছাত্রাবাস থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির একছাত্রের মৃতদেহ। বিশ্বভারতীর একাংশের দাবি, ওই ছাত্র আত্মহত্যা করেছে। কিন্তু তা মানতে চায়নি তার পরিবার।

পরিবারের অভিযোগ, ছেলেকে খুন করা হয়েছে। উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার থেকে উপাচার্যের বাসভবনের সামনে বসে আছে মৃতের পরিবার। কিন্তু তাদের সঙ্গে দেখা করেননি উপাচার্য। এখনও তারা উপাচার্যর বাসভবনের সামনেই বসে রয়েছেন। এরপর উপাচার্যের বাড়ির সামনে শুয়েও পড়েন তারা। মৃত ছাত্রের পরিবারের দাবি, তাদের সঙ্গে অন্তত একবার কথা বলুন উপাচার্য। কিন্তু সেই সহমর্মিতা এখনও দেখাননি উপাচার্য। উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মৃতের বাবার জানান, ‘আমার ছেলে হারিয়ে গিয়েছে। উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য কাল থেকে ধরনায় বসে আছি। কিন্তু কোন সহমর্মিতা নেই। কেউ কোনো রকম সাহায্য করতে এগিয়ে আসে নি।’ ছেলের মৃত্যুর সঠিক বিচার চান বাবা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে পাঠভবনের উত্তর শিক্ষা ছাত্রাবাসে অসীম দাস নামে ওই ছাত্র আত্মহত্যা করে। বনো গ্রামের বাসিন্দা ওই পড়ুয়াকে উদ্ধার করে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ছেলের মৃত্যুর কথা জানতে পেরে ভেঙে পড়ে তার পরিবার। এই পড়ুয়ার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। এই মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ গোটা বিশ্বভারতী চত্বরে।

About Post Author