সময় কলকাতা ডেস্কঃক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম।এই পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের।পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ।কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম।এবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান বাঁধলেন মালদার ইংরেজবাজার শহরের কুতুবপুর গম্ভীরা দলের শিল্পীরা।মূলত ভারতবর্ষের বর্তমান সমাজের বাস্তব চিত্রকে নিজেদের লেখা ও সুর দিয়ে গানের মাধ্যমে তুলে ধরেছেন কুতুবপুর গম্ভীরা দলের শিল্পীরা।

প্রতিদিনই চলছে তাদের রেওয়াজ।বুধবার ইংরেজবাজার শহরের কুতুবপুর এলাকায় তাদেরই এক শিল্পীর বাড়িতে বসে গান চর্চা করলেন গম্ভীরা দলের শিল্পীরা।বর্তমানে এই দলের গান লেখা ও গান পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রশান্ত শেঠ।পাশাপাশি গম্ভীরা দলের মুখ্য ভূমিকায় রয়েছেন শিল্পী অশোক চক্রবর্তী।মহাদেব চরিত্রে অংশগ্রহণ করেছেন শিল্পী কার্তিক বর্মণ।

গম্ভীরা দলের শিল্পী অশোক চক্রবর্তী জানান, ‘গম্ভীরা গান স্বাধীনতা সংগ্রামে অংশ করেছিল।তাই আজকের দিনে দাঁড়িয়েও গম্ভীরা শিল্পীরা নিজেদের গানের মাধ্যমে সাধারণ মানুষের কথাই তুলে ধরে।বর্তমানে যে হারে ডিজেল-পেট্রোল,রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে সেক্ষেত্রে সাধারণ মানুষ চরম বিপদে পড়েছে।আর তাদের কথা ভেবেই গম্ভীরা দল মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান বাঁধছেন। কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত গড়তে গিয়ে দেশ বেচতে শুরু করে দিয়েছে বলেই জানান তিনি।

উল্লেখ্য, স্বাধীনতার অনেক আগে থেকেই মালদার ইংরেজবাজার শহরের কুতুবপুর গম্ভীরা দলের পথ চলা শুরু।১৯৪১ সালে তাদের এই দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত গম্ভীরা শিল্পী গোবিন্দলাল শেঠ ও গোপীনাথ শেঠ।স্বাধীনতা সংগ্রামী বিষয়ের উপরে বহু গান তারা রচিত করেছিলেন।সেই সময় কালে গান গাইতে গিয়ে অনেক শিল্পী ব্রিটিশদের হাতে অত্যাচারিত হয়েছিলেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী