Home » তপন কান্দুর পর কি এবার টার্গেট তাঁর ছেলে ?

তপন কান্দুর পর কি এবার টার্গেট তাঁর ছেলে ?

সময় কলকাতা ডেস্ক:  ঝালদার কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়। এবার হুমকির মুখে তাঁর ছেলে দেব কান্দু। অভিযোগ, শনিবার সকালে দেব বাজার যাওয়ার সময় এলাকার ভীম তিওয়ারি নামে তৃণমল কর্মী তাঁর রাস্তা আটকায়।তাঁকে হুঁশিয়ারির সুরে সতর্ক হওয়ার কথা বলে, নাহলে বিপদ থেকে বাঁচা যাবে না বলে হুমকি দেয়।এরপরেই  ঝালদা থানায় গিয়ে ভীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দেব কান্দু। পাশাপাশি পুলিশের কাছে দেব কান্দু নিরাপত্তার আবেদন জানিয়েছেন।পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে। ঝালদা থানায় দায়ের করা এফআইআরে তপন কান্দুর বছর উনিশের ছেলে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি বাজারে যাচ্ছিলেন। সেই সময় ভীম তাঁকে হুঁশিয়ারির সুরে সতর্ক হওয়ার কথা বলে, নাহলে বিপদ থেকে বাঁচা যাবে না। দেব কান্দুর আরও অভিযোগ, তাঁর বাবা অর্থাৎ কংগ্রেস কাউন্সিলর  তপন কান্দুকে খুনের পিছনে ভীমের যোগসাজশ রয়েছে। এই অবস্থায় ছেলেকেও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্কিত পরিবার। ভীমকে ‘সমাজবিরোধী’ অ্যাখ্যা দিয়ে পুলিশের কাছে যথাযথ শাস্তির আবেদন জানিয়েছেন দেব। তাঁর কথায়,  ”বাবার খুনের ঘটনার সঙ্গে যুক্ত ভীম তিওয়ারি। এখনও উনি আমাদের ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে।”

প্রসঙ্গত, ভীম তিওয়ারি ঝালদা পুর এলাকার ১২ নং বাসিন্দা। এই ওয়ার্ডের কাউন্সিলরই ছিলেন তপন কান্দু। ভীম সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। তপন কান্দুর মৃত্যুর পর তাঁর স্ত্রী পূর্ণিমা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাতে ভীমের নাম ছিল। গত পুরভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন  রাগিনী সাউ। ভীম তাঁর হয়ে প্রচারে প্রথম সারিতেই ছিলেন। এর আগে তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের গঠিত সিট বেশ কয়েকবার ভীমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল| পরে সিবিআইয়ের তলবও পেয়েছিলেন ভীম। ঝালদা এলাকার মানুষের কাছে ভীম জমির দালাল হিসাবেই বেশি পরিচিত। এঁর বিরুদ্ধেই এবার উঠল নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগ। জেলা পুলিশ সুপার  এস সেলভামুরুগন জানিয়েছেন, ”এই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।”

তপন কান্দু হত্যাকাণ্ডে এবার তার ছেলে দেব কান্দুই কি টার্গেট? সিবিআই তদন্তের মাঝেই তপন পুত্র দেব কান্দুকে হুমকির নয়া অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।তপন কান্দু হত্যাকাণ্ডে রহস্যের জট খুলতে যখন ব্যস্ত সিবিআই এর তদন্তকারীরা, তখন তপন কান্দুর ছেলে দেব কান্দুকে হুমকির ঘটনা নতুন করে যে জটিলতা তৈরি করলো তা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

About Post Author