সময় কলকাতা ডেস্ক: বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জকে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হিঙ্গলগঞ্জের ৮৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে সকালে হেলিকপ্টার থেকে নামার কথা রয়েছে তার। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত পরিদর্শন করবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে উপস্থিত থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক শ্রী পঙ্কজ কুমার সিং, আইপিএস শ্রী যোগেশ বাহাদুর খুরানিয়া ছাড়াও অন্যান্যরা।

জানা গিয়েছে, এই সফরে বিএসএফ-এর সুন্দরবনে জলে অবস্থিত ০৬ টি আধুনিক ভাসমান বিওপি-সতলজ, নর্মদা, কাবেরী, গঙ্গা, সবরমতী, কৃষ্ণা এবং বোট অ্যাম্বুলেন্স এর বিওপি উদ্বোধন করবেন শাহ। এরপর বিওপি হরিদাসপুরে অবস্থিত মৈত্রী সংগ্রহালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সেখান থেকে পুনরায় ৮৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে ছোট বৈঠকে বসতে পারেন শাহ।

বাংলাদেশ ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত পর্যবেক্ষণ ও সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে বিএসএফ। তাই সেখানে আধুনিক সরঞ্জাম সরবরাহের ওপর জোর দিচ্ছে সরকার। নজরদারি ও সীমান্ত নিরাপত্তার জন্য আধুনিক সরঞ্জাম সরবরাহ করে আরও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক।

শাহের এই সফরে কড়া নিরাপত্তা দিতে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ক্যাম্প সংলগ্ন একাধিক গ্রামে টহল দিচ্ছে। অন্যদিকে ইছামতি নদীতে নৌকা নিয়ে মৎস্যজীবীদের নামার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিএসএফের তরফে।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ