Home » পণের দাবিতে প্রাণ গেল গৃহবধূর!

পণের দাবিতে প্রাণ গেল গৃহবধূর!

সময় কলকাতা ডেস্কঃ পণের দাবিতে প্রাণ গেল গৃহবধুর। আত্মহত্যার প্ররোচণা স্বামী, শাশুড়ী ও দেওরের বিরুদ্ধে। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হঠাৎগঞ্জ সাহাপাড়ার ঘটনা। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া। মৃত গৃহবধূর নাম রিমা সাহা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,স্বরুপনগর হঠাৎগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা গোবিন্দ সাহার সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় রিমার। অভিযোগ, বিয়ের সময় রিমার পরিবার সাধ্যমত সোনার গহনা,আসবারপত্র,নগদ অর্থ দিলেও তাদের চাহিদা দিনের পর দিন বেড়ে যাওয়ায় রিমার উপর অত্যাচার বাড়তে থাকে। এমনকি রিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলেও অভিযোগ। গত সোমবার থেকে পণের দাবি নিয়ে বচসা শুরু হলে অভিযুক্ত স্বামী মারধোর করে রিমাকে। অনলাইন জুয়ার নেশায় বুঁদ হয়ে থাকায় ঋণগ্রস্ত হয়ে রিমার পরিবারের কাছে দশ হাজার টাকার দাবী করে অভিযুক্ত স্বামী।

মঙ্গলবার, রিমার ওপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। আত্মহত্যার প্ররোচণা দেওয়ায় গলায় দড়ি দিতে বাধ্য় হয় রিমা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রিমাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল নিয়ে যায়। এরপর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আর জি করে স্থানান্তরিত করা হয়।সেখানেই মৃত্যু হয় ঐ গৃহবধূর।

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে মৃত গৃহবধূর মা নমিতা সাহা অভিযুক্তদের বিরুদ্ধে স্বরুপনগর থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে স্বামী গোবিন্দ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

About Post Author