Home » অশনির বৃষ্টিতে সর্বহারা নদিয়ার চাষীরা

অশনির বৃষ্টিতে সর্বহারা নদিয়ার চাষীরা

সময় কলকাতা ডেস্কঃ কথায় আছে কারো পৌষ তো মাস কারো সর্বনাশ। প্রবল দাবদাহের পর প্রবল বৃষ্টি যেমন এক শ্রেণীর মানুষকে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস অপরদিকে এই বৃষ্টিতেই মাথায় হাত অন্নদাতাদের। একটানা ভারী বৃষ্টিতে এক হাঁটু জলের তলায় পাকা ধান, সর্বশান্ত নদিয়ার চাষীরা। ক্ষতির আশঙ্কায় ঘুম উড়েছে তাঁদের।

নদীয়া মূলত কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহট্ট, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রাম এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময়ই চাষিরা বোরো ধান কেটে জমি থেকে বাড়িতে নিয়ে আসে। আর এই চাষ করতে প্রচুর টাকাও খরচ করে তারা। কিন্তু অশনির প্রভাবে টানা দুদিন ধরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি চলায় জমিতেই পড়ে গেছে ধান গাছ। যার কারণে একহাঁটু জলের নিচে ডুবে গেছে সমস্ত ধান। ফলে সেই ধান আর চাষীদের কোনো কাজেই আসবেনা বলে জানান তাঁরা। এমনকি যে টাকা খরচা করে তাঁরা চাষ করেছেন সেই টাকাটুকুও উঠেছে না আসার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা।

দীর্ঘক্ষন জলের তলায় ধান ডুবে থাকায় সেই ধানে কল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে জলের তলায় পড়ে থাকা বিচুলি দিয়ে সারা বছর যে গরুর খাবারের যোগান থাকে, সেই বিচুলিও নষ্ট হয়ে যায়। অন্যদিকে এই সময় শ্রমিকের অভাব থাকায় মজুরি বেশি দিয়েও শ্রমিক পাওয়া যায় না। যার কারণে ইচ্ছা থাকলেও তড়িঘড়ি ধান কেটে বাড়িতে নিয়ে আসতে পারছেন না চাষিরা। স্বাভাবিক ভাবেই কিভাবে তাঁদের দিন গুজরান হবে সেই চিন্তাতেই তাঁরা দিশেহারা।

 

About Post Author